Breaking News

ইসকনকে মিড-ডে মিলের দায়িত্ব দিলে স্বনির্ভর গোষ্ঠীর কী হবে? কলকাতা হাইকোর্টের কড়া প্রশ্ন, রাজ্যকে হলফনামা জমার নির্দেশ

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- কলকাতার সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে মিড-ডে মিল সরবরাহের দায়িত্ব ইসকনকে দেওয়ার সম্ভাবনা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবার পৌঁছেছে কলকাতা হাই কোর্টে। বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, বিষয়টি এখনও শুধুমাত্র প্রস্তাবের পর্যায়ে রয়েছে। চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এই বিষয়ে বিস্তারিত অবস্থান জানিয়ে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।প্রসঙ্গত, গত ২২ জুন বিধানসভায় বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, কলকাতায় পাইলট প্রকল্প হিসেবে মিড-ডে মিল সরবরাহের দায়িত্ব ইসকনকে দেওয়ার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। তিনি দাবি করেছিলেন, পড়ুয়ারা উন্নত মানের ও স্বাস্থ্যসম্মত খাবার পাবে এবং এই উদ্যোগ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।
মুখ্যমন্ত্রীর ওই ঘোষণার পরই কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারীদের অভিযোগ, ইসকনের হাতে মিড-ডে মিলের দায়িত্ব গেলে বর্তমানে রান্নার কাজ করা স্বনির্ভর গোষ্ঠীগুলির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। তাঁদের দাবি, এই সিদ্ধান্ত কার্যকর হলে লক্ষাধিক মহিলার কর্মসংস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি, কলকাতার স্কুলগুলিতে ডিম, মাছের মতো পুষ্টিকর খাবার সরবরাহের বিষয়েও প্রশ্ন তোলা হয়।
এদিন আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র জানান, সরকার এখনও শুধুমাত্র একটি প্রস্তাব পেয়েছে। বিষয়টি নিয়ে কোনও সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি বা চূড়ান্ত সিদ্ধান্তও নেওয়া হয়নি। তাই আগাম এই মামলা দায়ের করা হয়েছে বলেই তাঁর দাবি।
তবে আদালত জানায়, মুখ্যমন্ত্রীর প্রকাশ্য ঘোষণার ভিত্তিতেই মামলাকারীরা আদালতের দ্বারস্থ হয়েছেন। বিচারপতির পর্যবেক্ষণ, ভবিষ্যতে যদি হঠাৎ সরকারি বিজ্ঞপ্তি জারি করে সিদ্ধান্ত কার্যকর করা হয় এবং তার ফলে বিপুল সংখ্যক স্বনির্ভর গোষ্ঠীর সদস্য কর্মহীন হয়ে পড়েন, তাহলে সেই পরিস্থিতির দায় কে নেবে?শুনানির শেষে রাজ্য সরকারকে এই বিষয়ে বিস্তারিত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। আগামী চার সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *