প্রসেনজিৎ ধর :-সোশ্যাল মিডিয়ায় রিলস বানাতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তাঁর মাকে নিয়ে আপত্তিকর এবং কুরুচিকর মন্তব্য করার অভিযোগে শিলিগুড়ির এক নাবালক ছাত্রকে আটক করল পুলিশ। বুধবার তাকে জলপাইগুড়ির জুভেনাইল কোর্টে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ছাত্রটি শিলিগুড়ি পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের সূর্য সেন কলোনির বাসিন্দা এবং একটি সরকারি স্কুলের একাদশ শ্রেণির পড়ুয়া। অভিযোগ, সম্প্রতি বন্ধুদের সঙ্গে একটি রিলস তৈরি করে সে, যেখানে মুখ্যমন্ত্রী ও তাঁর মাকে উদ্দেশ্য করে একাধিক আপত্তিকর মন্তব্য করা হয়। পরে সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।ভিডিওটি ভাইরাল হওয়ার পর মঙ্গলবার রাতে অভিযুক্ত ছাত্রের বাড়ির সামনে জড়ো হন স্থানীয় বাসিন্দা ও বিজেপি সমর্থকদের একাংশ। অভিযোগ, বিক্ষোভের সময় উত্তেজিত জনতার কেউ কেউ ওই ছাত্রকে লক্ষ্য করে ডিম ছোড়েন, চড়-থাপ্পড় মারেন এবং শারীরিকভাবে হেনস্থা করেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি (এনজেপি) থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে নাবালককে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। পরে আইনি প্রক্রিয়া মেনে বুধবার তাকে জুভেনাইল কোর্টে পেশ করা হয়।পুলিশের প্রাথমিক অনুমান, ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই ওই রিলস তৈরি করা হয়েছিল। তবে এর পিছনে অন্য কারও প্ররোচনা বা পরিকল্পনা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।ঘটনার জেরে প্রশ্ন উঠেছে স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। সংশ্লিষ্ট স্কুলের প্রধানশিক্ষক অশোক নাথ বলেন, “ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। টিফিনের সময় এটি ঘটেছে। কীভাবে ছাত্রটি মোবাইল ফোন নিয়ে স্কুলে ঢুকল, তা খতিয়ে দেখা হবে।”অন্যদিকে, শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা জানিয়েছেন, নাবালককে জুভেনাইল কোর্টে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।
Hindustan TV Bangla Bengali News Portal