Breaking News

‘৯৬ ঘণ্টা অন ডিউটি’ বিতর্কে সুর নরম স্বাস্থ্যমন্ত্রীর! ‘সরকারি নির্দেশ নয়, শুধুই অনুরোধ’, স্পষ্ট করলেন শারদ্বত মুখোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-‘৯৬ ঘণ্টা’ মন্তব্য ঘিরে বিতর্কের মাঝেই অবস্থান স্পষ্ট করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়। চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটি করার নির্দেশ দেওয়া হয়েছে—এমন জল্পনার মধ্যেই তিনি জানিয়ে দিলেন, একটানা ৯৬ ঘণ্টা কাজ করার কথা বলা হয়নি। বরং জেলার সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের প্রতি সপ্তাহে অন্তত ৯৬ ঘণ্টা কর্মস্থলের (ইন-স্টেশন) এলাকায় থাকার অনুরোধ করা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে রোগীদের দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হয়। একইসঙ্গে ডিউটির সময় ব্যক্তিগত প্র্যাকটিস না করার আবেদনও জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনও সরকারি নির্দেশিকা জারি হয়নি বলেও স্পষ্ট করেছেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, অনেক চিকিৎসক কর্মস্থল ছেড়ে কলকাতা বা শহরতলিতে ফিরে যান। ফলে হঠাৎ জরুরি পরিস্থিতি তৈরি হলে তাঁদের দ্রুত পাওয়া যায় না। সেই কারণেই সপ্তাহে অন্তত চার দিন কর্মস্থলের এলাকায় থাকার অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে ডিউটির সময় ব্যক্তিগত প্র্যাকটিস না করার বিষয়েও চিকিৎসকদের অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।সোশ্যাল মিডিয়ায় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য তুলে ধরে তাঁর সমর্থকদের একটি পেজে দাবি করা হয়েছে, ‘৯৬ ঘণ্টা ডিউটি নয়, ৯৬ ঘণ্টা ইন-স্টেশনে থাকার কথা বলা হয়েছে। কোনও রোগীর প্রয়োজন হলে যাতে চিকিৎসক দ্রুত হাসপাতালে পৌঁছতে পারেন, সেই লক্ষ্যেই এই অনুরোধ। আমরা এতটা অমানবিক নই যে ৯৬ ঘণ্টা টানা ডিউটি করার কথা বলব।’
প্রসঙ্গত, রবিবার এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে চিকিৎসক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকেই মনে করেছিলেন, সপ্তাহে ৯৬ ঘণ্টা ডিউটি করার নির্দেশ দেওয়া হচ্ছে। দীর্ঘ সময় কাজ করলে চিকিৎসকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর তার নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেন চিকিৎসকদের একাংশ। সেই বিতর্কের পরই সোমবার নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন স্বাস্থ্যমন্ত্রী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *