প্রসেনজিৎ ধর, কলকাতা :-শনিবার বিকেল থেকে নিখোঁজ, দুই দিনের উদ্বেগের অবসান হল মর্মান্তিক পরিণতিতে। সোমবার দুপুরে নিউটাউনের যাত্রাগাছি-নন্দননগর সংলগ্ন বাগজোলা খাল থেকে উদ্ধার হল পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার অরিন্দম সেনের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, চাকরি হারানোর পর মানসিক অবসাদের জেরেই এই ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, কেষ্টপুরের রবীন্দ্রপল্লির বাসিন্দা অরিন্দম সেন শনিবার বিকেলে একটি ব্যাগ ও ফ্লাস্কে চা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর আর তাঁর কোনও খোঁজ মেলেনি। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। বিভিন্ন জায়গায় খোঁজ চালানোর পাশাপাশি বাগজোলা খালেও তল্লাশি শুরু হয়। রবিবার বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহায়তায় স্পিডবোট নামিয়ে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হলেও কোনও দেহ উদ্ধার হয়নি।সোমবার সকালে যাত্রাগাছি এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দার নজরে আসে খালের জলে একটি দেহ ভাসছে। খবর পেয়ে নিউ টাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে সেটি নিখোঁজ অরিন্দম সেনের বলেই মনে করা হচ্ছে। দেহ শনাক্তের জন্য পরিবারের সদস্যদের ডাকা হয়েছে এবং ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে।পরিবারের দাবি, কয়েক মাস আগে চাকরি হারানোর পর থেকেই অরিন্দম গভীর মানসিক চাপে ছিলেন। সেই কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে বলে তাঁদের আশঙ্কা। যদিও পুলিশ এখনও কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট, দেহ শনাক্তকরণ এবং তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
Hindustan TV Bangla Bengali News Portal