Breaking News

‘যাঁদের যাওয়ার, ২১ জুলাইয়ের আগেই চলে যান’, দলত্যাগীদের কড়া বার্তা মমতার! ‘আপনাদের জন্যই বিজেপির প্যাকেজ’

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কালীঘাট তৃণমূলে ভাঙনের জল্পনার আবহে ফের দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে ভিডিও বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে তিনি স্পষ্ট জানিয়ে দেন, যাঁদের দল ছেড়ে যাওয়ার ইচ্ছা রয়েছে, তাঁরা যেন ২১ জুলাইয়ের আগেই সেই সিদ্ধান্ত নেন। তাঁর দাবি, ২১ জুলাইয়ের পর থেকেই দলের নতুন যাত্রা শুরু হবে।বুধবারের পর বৃহস্পতিবারও দলত্যাগী নেতাদের কড়া ভাষায় আক্রমণ করেন মমতা। তিনি বলেন, “যাঁদের যাওয়ার, দয়া করে ২১-এর আগে ওঁদের সঙ্গে নাম লেখান। কিন্তু কোনও দিনই ভাববেন না, দলটাকে কলঙ্কিত করে আপনারা নিজেদের সম্মানিত করছেন। পরিবার বাঁচান, পরিবারকে তো বাঁচানোর দরকার। কারণ আপনাদের পরিবার, সম্পত্তি, লাগেজ, ব্যাগেজ – এই জন্যই তো বিজেপির প্যাকেজ।”এরপরই দলীয় আদর্শ ও প্রতীক নিয়ে বিরোধীদের কটাক্ষ করেন তিনি। মমতার বক্তব্য, কোনও রাজনৈতিক দল নাম বা প্রতীক বদলাতে পারে, কিন্তু আদর্শ, লক্ষ্য, কর্মসূচি কিংবা মানুষের প্রতি দায়বদ্ধতা ক্ষমতার জোরে মুছে ফেলা যায় না।এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে ২১ জুলাইয়ের কর্মসূচির জন্য বিড়লা তারামণ্ডলের সামনে সমাবেশের অনুমতি পেয়েছে কালীঘাট তৃণমূল। আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানালেও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলেন মমতা। তাঁর অভিযোগ, বিভিন্ন এলাকায় পুলিশ সাধারণ মানুষকে সভায় না যাওয়ার জন্য ভয় দেখাচ্ছে। তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, “নিরপেক্ষ থাকুন, কোনও পক্ষ হয়ে কাজ করবেন না।”
মমতার দাবি, প্রশাসনিক চাপের কারণে কেউ কেউ দল ছাড়লেও অনেকেই এখনও গোপনে যোগাযোগ রেখে চলেছেন। তাঁর কথায়, “কেউ ভয় সহ্য করতে পারে, কেউ পারে না। কিন্তু আমরা মাথা নত করে চলতে শিখিনি।”সভার প্রস্তুতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তৃণমূল নেত্রী। তাঁর আশঙ্কা, মঞ্চ, সাউন্ড সিস্টেম কিংবা অন্যান্য পরিকাঠামোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভয় দেখানোর চেষ্টা হতে পারে। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনও বাধাই ২১ জুলাইয়ের কর্মসূচি আটকাতে পারবে না। প্রয়োজনে মঞ্চ ছাড়াই সাধারণ মানুষের মাঝে দাঁড়িয়ে বক্তব্য রাখবেন তিনি। পাশাপাশি নির্ধারিত সময়েই সভা হবে বলে জানিয়ে দলীয় কর্মী-সমর্থকদের বৃহৎ সংখ্যায় উপস্থিত থাকার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *