নিজস্ব সংবাদদাতা :- সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে বন্ধুত্ব, তারপর ঘনিষ্ঠ সম্পর্ক। সেই সম্পর্কের সুযোগ নিয়েই এক যুবকের বিরুদ্ধে টানা কয়েক বছর ধরে ধর্ষণ, যৌন নির্যাতন এবং ব্ল্যাকমেলের অভিযোগ তুললেন এক মহিলা। অভিযোগ, আপত্তিকর ছবি ও ভিডিও তুলে তা প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার তাঁকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন চালানো হয়। সম্প্রতি একটি হোটেলে নির্যাতনের ঘটনার পর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সহায়তায় থানার দ্বারস্থ হন তিনি। প্রথমে মেটিয়াবুরুজ থানায় অভিযোগ দায়ের হলেও পরে জিরো এফআইআর করে মামলাটি বাঁশদ্রোণী থানায় পাঠানো হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযোগ অনুযায়ী, প্রায় সাত বছর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিযুক্ত যুবকের সঙ্গে ওই মহিলার পরিচয় হয়। ধীরে ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্ব এবং ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। লকডাউনের সময় নিয়মিত যোগাযোগ ছিল দু’জনের। মহিলার অভিযোগ, ২০২১ সাল থেকে বেড়াতে যাওয়ার নাম করে শহরের বাইরে বিভিন্ন হোটেলে নিয়ে যাওয়া হত তাঁকে। সেখানেই প্রথম তাঁর উপর জোরপূর্বক যৌন নির্যাতন চালানো হয়। এরপর নির্যাতনের সময় তোলা আপত্তিকর ছবি ও ভিডিও ব্যবহার করে তাঁকে ব্ল্যাকমেল করা শুরু হয় বলে অভিযোগ। সেই ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারবার বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতন চালানো হয়। প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হত বলে অভিযোগ।
মহিলার দাবি, সম্প্রতি জোকার একটি হোটেলে নিয়ে গিয়ে মদ্যপ অবস্থায় সারারাত তাঁর উপর অত্যাচার চালানো হয়। এমনকি তাঁকে বিবস্ত্র অবস্থায় হোটেলের বারান্দায় যেতে বাধ্য করা হয়েছিল বলেও অভিযোগ। পরদিন সকালে কোনওরকমে সেখান থেকে বেরিয়ে বাড়ি ফেরেন তিনি। পরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন এবং থানায় অভিযোগ দায়ের করেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বাড়ি বাঁশদ্রোণীর ব্রহ্মপুর এলাকায়। অভিযোগের একটি অংশ ওই থানা এলাকার অন্তর্গত হওয়ায় মেটিয়াবুরুজ থানায় দায়ের হওয়া অভিযোগ জিরো এফআইআর হিসেবে নথিভুক্ত করে বাঁশদ্রোণী থানায় পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal