প্রসেনজিৎ ধর, কলকাতা :- ১৯৯৩ সালের ২১ জুলাই কলকাতায় গুলি চালনার ঘটনায় গঠিত বিচারবিভাগীয় তদন্ত কমিশনের রিপোর্ট সোমবার বিধানসভায় প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি ওই রিপোর্ট তুলে ধরে তিনি দাবি করেন, এতদিন ধরে বহু তথ্য জনসমক্ষে আসেনি। কেন গুলি চালানো হয়েছিল, কার নির্দেশে পুলিশ পদক্ষেপ করেছিল এবং কেন দীর্ঘদিন রিপোর্ট প্রকাশ করা হয়নি— সেই সমস্ত বিষয় নিয়েই বিধানসভায় বিস্তারিত বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।
বিধানসভায় শুভেন্দু অধিকারীর দাবি, ২১ জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে অনেকেই রাজনৈতিকভাবে লাভবান হয়েছেন। কারও রাজনৈতিক উত্থান হয়েছে, কেউ ক্ষমতার সুবিধা ভোগ করেছেন, কেউ বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছেন, আবার কেউ ব্যক্তিগত সম্পত্তির মালিক হয়েছেন। কিন্তু তিন দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও ওই দিনের ঘটনার প্রকৃত সত্য এবং গুলি চালানোর নির্দেশ কার ছিল, তার স্পষ্ট উত্তর রাজ্যের মানুষ পাননি বলেই দাবি করেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, তদন্ত কমিশন মোট ৪৪ জন সাক্ষীকে তলব করেছিল। সেই তালিকায় তৎকালীন বিরোধী নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও ছিল। শুভেন্দুর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের সামনে সাক্ষ্য দেননি। পাশাপাশি, তদন্তের জন্য প্রয়োজনীয় একাধিক সরকারি নথিও তৎকালীন সরকার কমিশনের হাতে তুলে দেয়নি বলে তিনি অভিযোগ করেন।
ভবিষ্যৎ তদন্তের প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ২১ জুলাইয়ের ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা চাইলে নতুন করে এফআইআর দায়ের করে পুনরায় তদন্ত শুরু করতে বর্তমান রাজ্য সরকার প্রস্তুত। তাঁর দাবি, তদন্ত কমিশন নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করেছিল। কিন্তু তৎকালীন সরকার সেই সুপারিশ কার্যকর করেনি। পরিবর্তে নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা দেওয়া হয়েছিল বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলি আবেদন করলে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বাকি ক্ষতিপূরণের অর্থ দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করবে।বিধানসভায় রিপোর্ট পেশ করতে গিয়ে শুভেন্দু অধিকারী আরও দাবি করেন, কমিশনের রিপোর্ট অনুযায়ী তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্বরাষ্ট্রসচিব মণীশ গুপ্তের নির্দেশেই বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়েছিল। তিনি আরও বলেন, পরবর্তী সময়ে সরকার পরিবর্তনের পর মণীশ গুপ্তকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছিল এবং বিদ্যুৎমন্ত্রী করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এই কারণেই ২১ জুলাইয়ের ঘটনা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দীর্ঘদিন সামনে আনা হয়নি।
Hindustan TV Bangla Bengali News Portal