Breaking News

হাওড়া স্টেশনে ৬০ ঘণ্টার মেগা নন-ইন্টারলকিং ব্লক, বাতিল বহু লোকাল!সাঁতরাগাছি-শালিমার থেকে চলবে একাধিক দূরপাল্লার ট্রেন

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- হাওড়া স্টেশনের পরিকাঠামো উন্নয়নের জন্য চার দিনের বড়সড় নন-ইন্টারলকিং ব্লকের ঘোষণা করল পূর্ব রেল। ২৪ নম্বর প্ল্যাটফর্ম চালুর প্রস্তুতির অংশ হিসেবে হাওড়া লিঙ্ক কেবিনে কমিশনিংয়ের কাজ চলবে। সেই কারণেই ২৪ জুলাই বিকেল ৫টা থেকে ২৭ জুলাই ভোর ৫টা পর্যন্ত টানা ৬০ ঘণ্টা নন-ইন্টারলকিং ব্লক কার্যকর থাকবে। এর জেরে একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রা শুরু ও শেষের স্টেশনে পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি বহু লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, এই ব্লকের মূল উদ্দেশ্য হাওড়া স্টেশনের পরিকাঠামো আরও আধুনিক করা এবং ২৪ নম্বর প্ল্যাটফর্মকে দ্রুত পরিষেবার জন্য প্রস্তুত করা। কাজ চলাকালীন স্বাভাবিক ট্রেন চলাচলে প্রভাব পড়বে বলেই আগে থেকেই যাত্রীদের সতর্ক করা হয়েছে।
এই সময়ে হাওড়া স্টেশনের পরিবর্তে সাঁতরাগাছি ও শালিমার থেকে একাধিক দূরপাল্লার ট্রেন ছাড়বে এবং সেখানেই যাত্রা শেষ করবে। ২৪ জুলাই হাওড়া-হাতিয়া ক্রিয়াযোগ এক্সপ্রেস, হাওড়া-বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া-চেন্নাই মেল-সহ একাধিক ট্রেন সাঁতরাগাছি থেকে ছাড়বে। অন্যদিকে হাওড়া-পুরী সুপারফাস্ট ও হাওড়া-আমদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস শালিমার থেকে যাত্রা শুরু করবে।
২৫ ও ২৬ জুলাইও গীতাঞ্জলি এক্সপ্রেস, ফলকনুমা এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস, করমন্ডল এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস, তিরুচিরাপল্লি সুপারফাস্ট-সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রাপথ ও টার্মিনালে পরিবর্তন করা হয়েছে। ২৭ জুলাই কন্যাকুমারী-হাওড়া সুপারফাস্ট, আজাদ হিন্দ এক্সপ্রেস এবং পুরী-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস সাঁতরাগাছি পর্যন্ত চলবে।দূরপাল্লার ট্রেনের পাশাপাশি লোকাল ট্রেন পরিষেবাতেও বড় প্রভাব পড়বে। ২৬ জুলাই হাওড়া-মেচেদা এবং হাওড়া-পাঁশকুড়া লোকাল বাতিল থাকবে। ২৭ জুলাই হাওড়া-মেদিনীপুর, হাওড়া-খড়্গপুর, হাওড়া-আমতা, মেচেদা-হাওড়া, পাঁশকুড়া-হাওড়া, খড়্গপুর-হাওড়া-সহ একাধিক আপ ও ডাউন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
রেলের পক্ষ থেকে যাত্রীদের যাত্রার আগে ট্রেনের সময়সূচি ও টার্মিনাল স্টেশন যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নন-ইন্টারলকিং ব্লক চলাকালীন হাওড়া স্টেশন এবং সংলগ্ন রেলপথে ট্রেন চলাচলে সাময়িক পরিবর্তন থাকায় যাত্রীদের কিছুটা অতিরিক্ত সময় হাতে নিয়ে স্টেশনে পৌঁছনোরও অনুরোধ জানিয়েছে পূর্ব রেল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *