নিজস্ব সংবাদদাতা :- আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে হস্তান্তর-অযোগ্য পাট্টা জমি নিজের মায়ের নামে লিখিয়ে নেওয়ার অভিযোগে বাঁকুড়ার এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম রাজকুমার সিং ওরফে রাজু সিং। সোমবার বারিকুল থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তিনি বাঁকুড়া জেলা পরিষদের নির্বাচিত সদস্য এবং জঙ্গলমহলে তৃণমূলের প্রভাবশালী সংগঠক হিসেবে পরিচিত।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজু সিংয়ের বিরুদ্ধে এক স্থানীয় বাসিন্দা লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, শরিকি বিবাদের সুযোগ নিয়ে অভিযোগকারীর দখলে থাকা হস্তান্তর-অযোগ্য ৩৩ শতক পাট্টা জমি আগ্নেয়াস্ত্র দেখিয়ে ও প্রাণনাশের হুমকি দিয়ে জোর করে তাঁর মায়ের নামে লিখিয়ে নেওয়া হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে বারিকুল থানার পুলিশ এবং সোমবার রাজু সিংকে গ্রেপ্তার করা হয়।রাজু সিং দীর্ঘদিন ধরে বাঁকুড়া জেলায় তৃণমূলের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে পরিচিত ছিলেন। তিনি তৃণমূল যুব কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্বও সামলেছেন। গত বিধানসভা নির্বাচনে দলের তরফে জেলার তিনটি বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষকের দায়িত্বও তাঁর উপর ন্যস্ত ছিল।পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। জমি হস্তান্তরের নথি, সংশ্লিষ্ট জমির আইনি অবস্থান এবং অভিযোগকারীর বয়ান-সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনি পদক্ষেপও করা হচ্ছে।রাজ্যে সরকার পরিবর্তনের পর বাঁকুড়া জেলায় একাধিক তৃণমূল নেতা-নেত্রীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হল রাজু সিংয়ের নাম। এই গ্রেপ্তারিকে ঘিরে জেলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal