নিজস্ব সংবাদদাতা :-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গ ঘেরাও করে রাতভর অবস্থান-বিক্ষোভের পরিকল্পনা ভেস্তে দিল দিল্লি পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পক্ষ থেকে উচ্চ নিরাপত্তা বলয়ে বিক্ষোভ না করার বার্তা দেওয়া হলেও তা উপেক্ষা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা-সহ একাধিক বিরোধী সাংসদ প্রধানমন্ত্রীর বাসভবনের অদূরে পৌঁছন। তাঁদের সঙ্গে ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও। তবে সন্ধ্যার পরই পুলিশ বিক্ষোভকারীদের আটক করে বাসে তুলে নিয়ে যায়| মঙ্গলবার দুপুরে মল্লিকার্জুন খাড়গের বাসভবনের সামনে জড়ো হন কংগ্রেস নেতা-কর্মীরা। সেখান থেকে মিছিল শুরু হয় লোক কল্যাণ মার্গের উদ্দেশে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স (RAF)। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি তুলে স্লোগান দিতে থাকেন।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি রাহুল গান্ধীর সঙ্গে কথা বললেও কংগ্রেস নেতৃত্ব জানিয়ে দেয়, রাতভর অবস্থান-বিক্ষোভ চলবে। এরপরই বিক্ষোভকারীদের সরাতে সক্রিয় হয় দিল্লি পুলিশ। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হলে রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, অখিলেশ যাদব-সহ একাধিক বিরোধী নেতাকে আটক করে পুলিশের গাড়িতে তোলা হয়।ঘটনার পর জিতেন্দ্র সিং অভিযোগ করেন, কংগ্রেস বারবার নিজেদের দাবি বদলেছে। তাঁর বক্তব্য, প্রথমে রাহুল গান্ধী আশ্বাস দিয়েছিলেন, সরকার যদি নিট-সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদে আলোচনায় রাজি হয়, তবে কংগ্রেস আন্দোলন প্রত্যাহার করবে। সরকার সেই আলোচনায় সম্মত হওয়ার পরও কংগ্রেস নতুন করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তোলে। জিতেন্দ্রর অভিযোগ, এভাবেই কংগ্রেস আন্দোলনের দাবি বারবার পরিবর্তন করেছে।
Hindustan TV Bangla Bengali News Portal