Breaking News

স্কুল-কলেজে ক্রীড়া পরিকাঠামোয় ১৫ লক্ষ টাকার অনুদান! প্রাক্তন ক্রীড়াবিদদের মাসে ১০ হাজার, পদকজয়ীদের পুরস্কারেও বড় ঘোষণা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের বাজেট নিয়ে বিধানসভায় একাধিক বড় ঘোষণা করলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। স্কুল স্তর থেকে প্রতিভা তুলে আনা, প্রাক্তন ক্রীড়াবিদদের আর্থিক সম্মান, আন্তর্জাতিক পদকজয়ীদের পুরস্কার বৃদ্ধি এবং ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে একাধিক নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন তিনি।ক্রীড়ামন্ত্রী জানান, ‘নেতাজি সুভাষচন্দ্র বসু ক্রীড়া পরিকাঠামো প্রকল্প’ চালু করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রতিটি স্কুল ও কলেজকে ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের জন্য ১৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। সরকারের লক্ষ্য, স্কুল স্তর থেকেই প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা।
প্রাক্তন ক্রীড়াবিদদের জন্যও বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। চালু হচ্ছে ‘মুখ্যমন্ত্রী কৃতী প্রাক্তন ক্রীড়াবিদ সম্মান যোজনা’। অতীতে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে সাফল্য পাওয়া ক্রীড়াবিদদের প্রতি মাসে ১০ হাজার টাকা করে সম্মানিক দেওয়া হবে। প্রথম পর্যায়ে এক হাজার প্রাক্তন ক্রীড়াবিদ এই প্রকল্পের আওতায় আসবেন| বর্তমান প্রজন্মের খেলোয়াড়দের আরও উৎসাহিত করতে ‘অটল খেল সম্মান’ প্রকল্পের আওতায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ীদের আর্থিক পুরস্কারও কয়েকগুণ বাড়ানোর ঘোষণা করা হয়েছে। অলিম্পিক বা এশিয়ান গেমসে সোনার পদক জিতলে পুরস্কার ২৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি টাকা, রুপোর পদক জিতলে ১৫ লক্ষ থেকে ৭৫ লক্ষ টাকা এবং ব্রোঞ্জ পদক জিতলে ১০ লক্ষ টাকার বদলে ৫০ লক্ষ টাকা দেওয়া হবে।
এছাড়াও ক্রীড়া সংগঠন ও ক্লাবগুলিকে আরও শক্তিশালী করতে চালু হচ্ছে ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ক্রীড়া সহায়তা’ তহবিল। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য ক্রীড়া সংস্থা ও ক্লাবগুলিকে পরিকাঠামো উন্নয়ন এবং খেলাধুলার প্রসারের জন্য সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে।
ক্রীড়ামন্ত্রীর দাবি, নতুন এই প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যে ক্রীড়া সংস্কৃতিকে আরও শক্তিশালী করা, নতুন প্রতিভা গড়ে তোলা এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলার সাফল্য আরও বাড়ানোই সরকারের মূল লক্ষ্য।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *