প্রসেনজিৎ ধর, কলকাতা :-পঞ্চায়েত স্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতি রুখতে বড়সড় আইন আনতে চলেছে রাজ্য সরকার। আগামী শনিবার বিধানসভার চলতি অধিবেশনে একটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল পেশ করা হবে, যেখানে পঞ্চায়েত প্রধানদের আর্থিক ক্ষমতা প্রত্যাহারের প্রস্তাব রাখা হয়েছে। বিলটি পাশ হলে পঞ্চায়েতের সমস্ত আর্থিক লেনদেন, বিল অনুমোদন এবং চেক সংক্রান্ত ক্ষমতা একমাত্র পঞ্চায়েত সচিবদের হাতেই থাকবে।এতদিন পঞ্চায়েতের কোনও আর্থিক নথি, বিল বা চেক কার্যকর করতে হলে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সচিব— উভয়ের যৌথ স্বাক্ষর বাধ্যতামূলক ছিল। নতুন প্রস্তাব অনুযায়ী সেই ব্যবস্থা তুলে দিয়ে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের সম্পূর্ণ দায়িত্ব সচিবদের হাতে তুলে দেওয়া হবে। সরকারের দাবি, এর ফলে প্রশাসনিক স্বচ্ছতা বাড়বে এবং অর্থের অপব্যবহার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
গত কয়েক বছরে রাজ্যের বিভিন্ন জেলায় পঞ্চায়েতে আর্থিক দুর্নীতি, সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ সামনে এসেছে। বহু পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, আবার অনেকে আইনি প্রক্রিয়ার মুখোমুখিও হয়েছেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার আর্থিক ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে হাঁটছে সরকার।পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ জানান, পঞ্চায়েত স্তরে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও আর্থিক নয়ছয় বন্ধ করতেই এই বিল আনা হচ্ছে। তাঁর কথায়, “পঞ্চায়েত প্রধানদের হাতে আর কোনও আর্থিক ক্ষমতা থাকবে না। সমস্ত বিল পাস, আর্থিক লেনদেন এবং হিসাবনিকাশের দায়িত্ব একমাত্র পঞ্চায়েত সচিবরাই সামলাবেন।”
সরকারের মতে, এই আইন কার্যকর হলে পঞ্চায়েত প্রশাসনে জবাবদিহি বাড়বে, সরকারি প্রকল্পের অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং গ্রামাঞ্চলের উন্নয়নমূলক কাজ আরও সুষ্ঠুভাবে পরিচালিত করা সম্ভব হবে। শনিবার বিধানসভায় বিলটি পেশ হওয়ার পর তা নিয়ে রাজনৈতিক মহলেও ব্যাপক আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal