দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কালীঘাট-তৃণমূলের কর্মসূচিতে অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্ট। পুলিশের অনুমতিও মেলেনি। তা সত্ত্বেও শনিবার পদ্মপুকুরে জমায়েত করে তৃণমূল। সেই কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তিতে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পরে সেখানে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।অনুমতি ছাড়া জমায়েতের অভিযোগে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ একাধিক তৃণমূল নেতা-কর্মীকে আটক করে লালবাজারে নিয়ে যায় পুলিশ। এদিকে, পদ্মপুকুরে মিছিলের উদ্দেশে দলীয় কর্মী-সমর্থকরা জড়ো হতে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতেই শুরু হয় স্লোগান। পুলিশ বারবার এলাকা খালি করার নির্দেশ দিলেও তা মানতে অস্বীকার করেন তৃণমূল কর্মীরা। এরপরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে ওঠে।
কুণাল ঘোষ, বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ বহু নেতা-কর্মীকে প্রিজন ভ্যানে তুলে লালবাজারে নিয়ে যাওয়া হয়। পুলিশি বাধার তীব্র প্রতিবাদ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “জুলুমবাজি করে আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে বিজেপি সরকার। নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আমরা ছাত্রদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। ছাত্র আন্দোলনের চাপে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। সেই কারণেই এখন প্রতিবাদের কণ্ঠস্বর দমিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু আমি চুপ করে থাকার মানুষ নই।”
পরে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় তাঁকে ঘিরে ছিলেন দলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন-সহ অন্যান্য নেতারা। সেই সময় আচমকাই এক মহিলা কর্মীকে ধাক্কা দিতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরপর পুলিশি নিরাপত্তার বলয় ভেঙে স্কুটিতে চেপে এলাকা ছাড়েন তিনি। তাঁর সঙ্গে বাইক ও স্কুটিতে রওনা দেন তৃণমূলের একাধিক নেতা-কর্মী। প্রথমে তাঁদের লালবাজারের দিকে যাওয়ার জল্পনা তৈরি হলেও পরে মিছিলের রুট পরিবর্তন করে কালীঘাটের দিকে চলে যায়।অন্যদিকে, কুণাল ঘোষ ও বৈশ্বানর চট্টোপাধ্যায়কে লালবাজারে নিয়ে যাওয়ার পর সেখানে পৌঁছে যান ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন। লালবাজার চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। গেটের সামনে বিক্ষোভ দেখানোর সময় ডেরেক ও’ব্রায়েন ভিতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাঁকে বাধা দেয়। ঘটনাকে ঘিরে শনিবার বিকেলে পদ্মপুকুর ও লালবাজার চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
Hindustan TV Bangla Bengali News Portal