Breaking News

আগাম জামিন মিললেও রেহাই মিলল না! শালবনি জমি দুর্নীতি মামলায় ধাক্কা, বাড়ল অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের আইনি সঙ্কট

প্রসেনজিৎ ধর, কলকাতা :- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। ডেবরার অভিযোগে দায়ের হওয়া মামলায় আগাম জামিন পেলেও, শালবনি জমি দুর্নীতি মামলায় তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। একইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে তদন্তকারী অফিসারদের সঙ্গে সহযোগিতা করার নির্দেশও দিয়েছে হাই কোর্ট।
প্রসঙ্গত, মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বর্তমানে জেলবন্দি সুজয় হাজরা গ্রেপ্তার হওয়ার পর তদন্তে উঠে আসে সুমিত রায়ের নাম। অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। পাশাপাশি শালবনির একটি সরকারি জমি সংক্রান্ত দুর্নীতির মামলাতেও অভিযুক্ত হিসেবে নাম জড়ায় তাঁর।
এই অভিযোগের ভিত্তিতে প্রায় এক মাস আগে শালবনি থানার পুলিশ সুমিত রায়ের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায়। কিন্তু দীর্ঘক্ষণ অভিযান চালিয়েও তাঁর সন্ধান মেলেনি। এরপর থেকেই তিনি অধরা ছিলেন। পরে তদন্তকারীদের আবেদনের ভিত্তিতে মেদিনীপুর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও লুক-আউট নোটিস জারি করে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন সুমিত রায়।
সোমবার মামলার শুনানিতে আদালত ডেবরার অভিযোগ সংক্রান্ত মামলায় তাঁকে আগাম জামিনের সুরক্ষা দিলেও, শালবনি জমি দুর্নীতি মামলায় কোনও স্বস্তি দেয়নি। আদালতের পর্যবেক্ষণ, তদন্তে গ্রেপ্তার হওয়া অন্যান্য অভিযুক্তদের বয়ান এবং প্রাথমিক তথ্যপ্রমাণের ভিত্তিতে এই মুহূর্তে ওই মামলায় আগাম জামিন দেওয়ার সুযোগ নেই।উল্লেখ্য, শালবনিতে সরকারি জমির ভুয়ো নথি তৈরি করে তা বিক্রির অভিযোগে তদন্ত চলছে। অন্যদিকে, ডেবরার মামলায় টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে সুমিত রায়ের বিরুদ্ধে। দুই মামলাতেই তদন্ত অব্যাহত রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *