প্রসেনজিৎ ধর:- বীরভূমের বহুলচর্চিত ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল এবার গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন। নিজের নিরাপত্তা এবং আইনি রক্ষাকবচ চেয়ে বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে আবেদন জানান তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য। আদালত মামলা দায়েরের অনুমতি দিয়েছে। চলতি সপ্তাহেই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে খবর।সম্প্রতি বীরভূমের মহম্মদবাজার থানার ডেউচা গ্রামের মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ২৮ কোটি টাকা নগদ এবং প্রায় ১৫ কেজি সোনা উদ্ধার করে পুলিশ। তদন্তে উঠে আসে, ওই বাড়ির সঙ্গে টুলু মণ্ডলের ঘনিষ্ঠ যোগ রয়েছে। এরপর স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে বীরভূম জেলা পুলিশ এবং সেই মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে টুলুর। পুলিশের দাবি, এই মামলাতেই শুধু নয়, টুলু মণ্ডলের বিরুদ্ধে খুন-সহ একাধিক ফৌজদারি মামলাও রয়েছে। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, ডেউচা থেকে নগদ অর্থ ও সোনা উদ্ধারের ঘটনার জেরে দায়ের হওয়া মামলায় গ্রেফতারি এড়াতেই তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।এদিকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনা উদ্ধারের পর থেকেই টুলু মণ্ডলের কোনও খোঁজ মেলেনি। তদন্তকারী সংস্থার অনুমান, তিনি রাজ্যের বাইরে কিংবা বিদেশে আত্মগোপন করে থাকতে পারেন। মিনার মণ্ডল জেরায় পুলিশকে জানিয়েছেন, টুলু নিজের সম্পত্তির দেখভালের দায়িত্ব তাঁর উপর দিয়ে গিয়েছিলেন। তবে বর্তমানে টুলু কোথায় রয়েছেন, সে বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেছেন। উদ্ধার হওয়া কোটি কোটি টাকা ও বিপুল পরিমাণ সোনার উৎস এখনও স্পষ্ট নয়। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, পাথর ব্যবসার আড়ালে কোনও আর্থিক অনিয়ম, সরকারি রাজস্ব ফাঁকি, জোর করে জমি দখল, তোলাবাজি কিংবা অন্য কোনও বেআইনি লেনদেনের সঙ্গে এই সম্পদের যোগ রয়েছে কি না। ইতিমধ্যেই টুলুর ম্যানেজার সীতেশ প্রামাণিককে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যেই সম্ভাব্য গ্রেফতারি এড়াতে উচ্চ আদালতে রক্ষাকবচের আবেদন জানালেন টুলু মণ্ডল।
Hindustan TV Bangla Bengali News Portal