Breaking News

কলকাতা পুলিশের কাজে কড়া নজর শুভেন্দুর! আচমকা থানায় থানায় হানা, ওয়াটগঞ্জ-একবালপুরে রেজিস্টার খতিয়ে দেখে লক-আপও পরিদর্শন মুখ্যমন্ত্রীর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতা পুলিশের কাজকর্ম এবং থানাগুলির পরিকাঠামো সরেজমিনে পর্যালোচনা করতে বুধবার আচমকা দক্ষিণ কলকাতার একাধিক থানায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুর বিধানসভার অন্তর্গত ওয়াটগঞ্জ এবং একবালপুর থানায় গিয়ে তিনি থানার সামগ্রিক পরিস্থিতি, অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি, লক-আপের অবস্থা এবং মহিলা সহায়তা কেন্দ্রের কার্যক্রম খুঁটিয়ে দেখেন।প্রথমে ওয়াটগঞ্জ থানায় পৌঁছে একটি চেয়ারে বসে অভিযোগপত্র ও বিভিন্ন মামলার রেজিস্টার পরীক্ষা করেন মুখ্যমন্ত্রী। কোন অভিযোগে কী পদক্ষেপ করা হয়েছে, তা জানতে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের একাধিক প্রশ্ন করেন তিনি। অভিযোগের নথি দেখতে দেখতে পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথাও মনে করিয়ে দেন। পরে থানার মহিলা সহায়তা ডেস্ক, বিভিন্ন রেজিস্টার এবং প্রশাসনিক পরিকাঠামো ঘুরে দেখেন।এরপর সিঁড়ি বেয়ে থানার উপরের তলায় উঠে লক-আপ পরিদর্শন করেন শুভেন্দু অধিকারী। ভিতরের পরিস্থিতি পর্যবেক্ষণের পর পুলিশকর্মীদের সঙ্গে কথা বলে তিনি একবালপুর থানার উদ্দেশে রওনা দেন। সেখানে গিয়েও একইভাবে অভিযোগের রেজিস্টার, তদন্তের অগ্রগতি, থানার পরিকাঠামো এবং পরিষেবা ব্যবস্থা খতিয়ে দেখেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আলিপুর পুলিশ লাইন্স থেকে চিনার পার্কের বাসভবনে ফেরার কথা থাকলেও আচমকাই কর্মসূচি বদলে দক্ষিণ কলকাতার থানাগুলি পরিদর্শনের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। ফলে এই সফরের বিষয়ে আগে থেকে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছেও বিশেষ কোনও তথ্য ছিল না।
থানা পরিদর্শনের মাঝেই বড়বাজার এলাকায় অগ্নিকাণ্ডের খবর পান মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেন এবং পরিস্থিতির খোঁজ নেন।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যের প্রতিটি থানায় মহিলা সহায়তা কেন্দ্র গড়ে তোলার ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই উদ্যোগ বাস্তবে কতটা কার্যকর হয়েছে, তা সরেজমিনে যাচাই করতেই তাঁর এই আকস্মিক পরিদর্শন বলে প্রশাসনিক সূত্রের দাবি। সূত্রের খবর, আগামী দিনেও কলকাতা ও রাজ্যের আরও বিভিন্ন থানায় এ ধরনের ‘সারপ্রাইজ ভিজিট’ চালাতে পারেন পুলিশমন্ত্রী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *