প্রসেনজিৎ ধর,কলকাতা :- চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেও স্বস্তি মিলল না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ তাঁর বিদেশযাত্রার আবেদন খারিজ করে দেয়। একইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, বৃহস্পতিবার অভিষেককে এসএসকেএম হাসপাতালে উপস্থিত হতে হবে। সেখানে চিকিৎসকদের নিয়ে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হবে এবং শুক্রবার সেই বোর্ডের রিপোর্ট আদালতে জমা দিতে হবে।শুনানিতে অভিষেকের আইনজীবী আদালতকে জানান, নির্ধারিত চিকিৎসা প্রক্রিয়ায় ব্যাঘাত এড়াতেই তাঁর মক্কেল বিদেশে গিয়ে চিকিৎসা করাতে চান। তবে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, কোথায় চিকিৎসা হবে, সেই সিদ্ধান্ত নয়—আবেদনকারীর প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত হওয়াই আদালতের কাছে গুরুত্বপূর্ণ।বিচারপতি আরও বলেন, আদালত কোনও চিকিৎসা বিশেষজ্ঞ নয়। তবে আবেদনকারীর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। হেয়ার স্ট্রিট থানার একটি মামলায় অন্য বেঞ্চে শুনানি চলছে এবং সেখানে অন্তর্বর্তী রক্ষাকবচ রয়েছে। এছাড়াও তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া আরও কয়েকটি মামলার তদন্তও চলছে। বৃহস্পতিবার তিনটি পৃথক এফআইআর সংক্রান্ত একটি মামলারও শুনানি রয়েছে। এই পরিস্থিতিতে বিদেশযাত্রার প্রয়োজনীয়তা আদালতের কাছে যথেষ্টভাবে প্রমাণিত হয়নি বলেই আবেদন খারিজ করা হয়েছে।
প্রসঙ্গত, চোখের চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার পরিকল্পনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন থাকায় আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়া সম্ভব নয়। সেই কারণেই তিনি হাই কোর্টের অনুমতি চেয়েছিলেন।এর আগেও এই মামলার শুনানিতে আদালত প্রশ্ন তুলেছিল, বিদেশে না গিয়ে কলকাতাতেই কেন চিকিৎসা সম্ভব নয়। বিচারপতির পর্যবেক্ষণ ছিল, এসএসকেএম-সহ রাজ্যের একাধিক বিশেষায়িত হাসপাতালে উন্নতমানের চোখের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে এসএসকেএমে মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে।
পরে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সর্বোচ্চ আদালতের নির্দেশে মামলাটি ফের কলকাতা হাই কোর্টে ফিরে আসে। সেই মামলারই শুনানিতে বুধবার বিদেশযাত্রার আবেদন খারিজ করে এসএসকেএম হাসপাতালে মেডিক্যাল বোর্ডের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিল হাই কোর্ট।
Hindustan TV Bangla Bengali News Portal