Breaking News

অসুস্থ ‘মহাগুরু’ মিঠুনকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু, অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন অভিনেতা?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রবীণ অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বর্তমানে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ডান হাতে একটি ছোট অস্ত্রোপচারের জন্য দু’দিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তিনি সুস্থ ও স্থিতিশীল রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।শুক্রবার সকালে মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়-সহ দলের অন্যান্য নেতারা। মুখ্যমন্ত্রী শুধু অভিনেতার সঙ্গে সাক্ষাৎই করেননি, চিকিৎসকদের সঙ্গেও কথা বলে তাঁর শারীরিক পরিস্থিতির বিস্তারিত খোঁজ নেন।হাসপাতাল থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী জানান, “একটা ছোট অপারেশন হয়েছে। এখন উনি ভালো আছেন। চিকিৎসকদের মতে, আজ বিকেলেই নিউটাউনের বাসভবনে ফিরে যেতে পারবেন। উনি বিষয়টি খুব বেশি কাউকে জানাননি।”পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, “মিঠুন চক্রবর্তী বাংলার সম্পদ। তাঁর সঙ্গে রাজনৈতিক পরিচয়ের কোনও সম্পর্ক নেই। তবে বাংলায় রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে মহাগুরুর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপারেশন সফল হয়েছে, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন।”
মুখ্যমন্ত্রী নিজের সমাজমাধ্যমেও মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেন। হাসপাতাল সূত্রে খবর, হাতে অস্ত্রোপচারের পর আপাতত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। সব কিছু স্বাভাবিক থাকলে আগামী দু-এক দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।
উল্লেখ্য, কয়েক বছর আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। তারপর থেকেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে তিনি বিজেপির অন্যতম মুখ হয়ে ওঠেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও বয়স ও শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করে একাধিক সভা, রোড শো এবং প্রচারে অংশ নেন তিনি। প্রচারের মাঝেও অসুস্থ হয়ে পড়লেও থেমে থাকেননি।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুভেন্দু অধিকারী প্রথম দিকেই নিউটাউনে মিঠুন চক্রবর্তীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এবার হাসপাতালের খবর পেতেই আবারও তাঁর পাশে দাঁড়াতে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *