Breaking News

১৬টি এফআইআর বাতিল নয়, তবু অভিষেকের রক্ষাকবচ বহাল! ‘এখনই কোনও কড়া পদক্ষেপ নয়’, ২৫ অগস্ট ফের হাই কোর্টে শুনানি

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- বিধানসভা নির্বাচনের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআর-এর মামলায় আপাতত অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার আদালতের নির্দেশ, পুলিশ তদন্ত চালাতে পারবে, তবে এই মুহূর্তে অভিষেকের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। মামলার পরবর্তী শুনানি ২৫ আগস্ট।এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করেন আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন এবং অয়ন ভট্টাচার্য। শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের কাছে জানতে চান, গত ৪ মে-র আগে অভিষেকের বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের হয়েছিল কি না। যদি হয়ে থাকে, সেই এফআইআরগুলি আদালতে পেশ করার নির্দেশ দেন তিনি। রাজ্যের আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল আদালতকে জানান, ৪ মে-র আগে অভিষেকের বিরুদ্ধে কোনও মামলা দায়ের হয়নি।
আদালত স্পষ্ট করে জানায়, অভিষেকের আবেদনের ভিত্তিতে এই মুহূর্তে কোনও এফআইআর খারিজ করা হচ্ছে না। পুলিশ তদন্ত চালিয়ে যেতে পারবে এবং তদন্তে অভিষেককেও সহযোগিতা করতে হবে। তবে তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ বা অন্য কোনও পদক্ষেপের ক্ষেত্রে কোনও কঠোর ব্যবস্থা নিতে পারবে না পুলিশ।
বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “অভিষেকের আবেদন মোতাবেক আদালত এখনই কোনও এফআইআর খারিজ করছে না। পুলিশ তদন্ত করুক। অভিষেককে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হবে। তবে তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ।”একইসঙ্গে আদালত জানায়, এই মুহূর্তে মামলায় কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। পুলিশ তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেবে। বিচারপতির পর্যবেক্ষণ, আগে থেকেই অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়া হয়েছিল। এখন তা তুলে নেওয়া হলে আগের নির্দেশের কার্যকারিতাই প্রশ্নের মুখে পড়বে।রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ও মামলা দায়ের হয়েছে বলে তাঁর আইনজীবীদের তরফে আদালতে জানানো হয়। সেবাশ্রয় কর্মসূচি থেকে দুর্নীতির অভিযোগ, ডিজে বাজানো সংক্রান্ত মামলা থেকে বিধায়কদের সই জাল করার অভিযোগ—বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যের একাধিক থানায় মামলা দায়ের হয়েছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা অভিজিৎ দাস ওরফে ববিও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে।এই মামলাগুলিতে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। শুনানিতে রাজ্যের হয়ে সওয়াল করেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস ভি রাজু। তিনি অভিষেকের আবেদনের বিরোধিতা করার পাশাপাশি কোনও অন্তর্বর্তী নির্দেশ না দেওয়ার আবেদন জানান।এরই মধ্যে বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তোলেন, অন্তর্বর্তী নির্দেশ বা রক্ষাকবচ না দেওয়া হলে আগে ডিজে বাজানো সংক্রান্ত মামলায় দেওয়া সুরক্ষার নির্দেশের কী হবে। পালটা রাজ্যের আইনজীবীর তরফে ‘প্রভাবশালী ব্যক্তি’ হওয়ার বিষয়টিও আদালতের সামনে তুলে ধরা হয়।দীর্ঘ শুনানি শেষে আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল রাখল হাই কোর্ট। ফলে পুলিশ তদন্ত চালালেও এই মুহূর্তে তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না। মামলার পরবর্তী শুনানি ২৫ আগস্ট।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *