Breaking News

মমতা জমানার ১৬০০ সুপারনিউমেরারি পদে বড় কোপ! উচ্চ প্রাথমিকের নিয়োগ-বিজ্ঞপ্তি প্রত্যাহার করল শুভেন্দুর সরকার

নিজস্ব সংবাদদাতা :-তৃণমূল আমলে উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য তৈরি করা ১৬০০টি অতিরিক্ত শূন্যপদ বা সুপারনিউমেরারি পদ নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। ওই অতিরিক্ত পদে নিয়োগ সংক্রান্ত আগের সরকারের দুটি বিজ্ঞপ্তিই প্রত্যাহার করে নেওয়া হচ্ছে বলে বুধবার কলকাতা হাই কোর্টে জানাল রাজ্য | উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে অপেক্ষমাণ তালিকা থেকে চাকরি দেওয়ার জন্য ১৬০০টি অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল তৎকালীন সরকার। ২০২২ সালের ১৯ মে এবং ১৪ অক্টোবর দুটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নিয়োগ জটিলতা কাটাতেই এই অতিরিক্ত পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে রাজ্যের বক্তব্য ছিল।
তবে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চ অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত খারিজ করে দেয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, নিয়মিত নিয়োগের মতো করে সুপারনিউমেরারি পদ তৈরি করা যায় না। বিশেষ পরিস্থিতিতেই এই ধরনের পদ তৈরির সুযোগ রয়েছে।
একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় তৎকালীন রাজ্য সরকার। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে মামলাটির শুনানি ছিল। সেখানেই বর্তমান রাজ্য সরকারের তরফে জানানো হয়, আগের সরকারের ওই দুই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। অর্থাৎ ১৬০০ অতিরিক্ত শূন্যপদে নিয়োগের পুরনো সিদ্ধান্ত থেকে সরে এল নতুন সরকার।মামলায় বঞ্চিত চাকরিপ্রার্থীদের হয়ে সওয়াল করেন আইনজীবী ফিরদৌস শামিম। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের সম্পূর্ণ প্যানেল বাতিল হয়েছিল। এর জেরে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। সেই মামলাতেই অতিরিক্ত শূন্যপদ তৈরির রাজ্য সরকারের সিদ্ধান্তে শীর্ষ আদালত তখন সরাসরি হস্তক্ষেপ করেনি। সেই নির্দেশের কথা উল্লেখ করেই হাই কোর্টে নিজেদের অবস্থান জানিয়েছিল তৎকালীন সরকার। যদিও হাই কোর্ট সেই আবেদন গ্রহণ করেনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *