Breaking News

দিল্লির এইমসে চিকিৎসাধীন বিমান বসু, বুকে বসল পেসমেকার! প্রবীণ বাম নেতার শারীরিক অবস্থা নিয়ে বড় খবর দিলেন সেলিম

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-চিকিৎসার জন্য দিল্লির এইমস হাসপাতালে ভর্তি রয়েছেন প্রবীণ সিপিএম নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হলেও সিপিএমের তরফে জানানো হয়েছে, উদ্বেগের কোনও কারণ নেই। বিমান বসুর পেসমেকার বসানো হয়েছে এবং অস্ত্রোপচারের পর বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, গত তিন দিন ধরে দিল্লির এইমসে চিকিৎসাধীন রয়েছেন বিমান বসু। দলের তরফে নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন প্রবীণ এই বাম নেতা। পেসমেকার বসানোর পর আগের তুলনায় তিনি অনেকটাই সুস্থ বোধ করছেন।
তবে আপাতত বিমান বসুর সঙ্গে দেখা করতে নিষেধ করেছেন চিকিৎসকেরা। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শারীরিক পরিস্থিতি একইভাবে স্থিতিশীল থাকলে এবং সমস্ত প্যারামিটার স্বাভাবিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। সিপিএম নেতৃত্বেরও আশা, খুব শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কলকাতায় ফিরতে পারবেন বামফ্রন্ট চেয়ারম্যান।দলীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে কলকাতার থেকে দিল্লি যাচ্ছিলেন বিমান বসু। বিমানে যাত্রার সময়ই তিনি সামান্য অসুস্থতা অনুভব করেন। দিল্লি বিমানবন্দরে নামার পর তাঁকে সরাসরি দলের দিল্লির দফতর একে গোপালন ভবনে নিয়ে যাওয়া হয়।সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেই পরামর্শ মেনেই বিমান বসুকে দিল্লির এইমসে ভর্তি করা হয়। পরবর্তী পরীক্ষার পর তাঁর শরীরে পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
অস্ত্রোপচারের পর বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই খবর। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। বিমান বসুর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দলের কর্মী-সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে সিপিএমের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, প্রবীণ নেতার শারীরিক অবস্থা নিয়ে আপাতত আশঙ্কার কোনও কারণ নেই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *