Breaking News

থেঁতলানো মুখ! নিউটাউনে বস্তাবন্দি যুবকের দেহ উদ্ধার, কাঁধে চাপিয়ে রাস্তায় ফেলে চম্পট! প্রকাশ্যে নজরদারি ক্যামেরার ফুটেজ, আটক ৪

প্রসেনজিৎ ধর, কলকাতা :- নিউটাউনে যুবক সৌরভ বিশ্বাসের থেঁতলানো বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নেমে চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক চারজনই মৃত যুবকের পরিচিত এবং বন্ধু। শনিবার সকালে স্বামীজি নগর এলাকায় একটি বস্তার ভিতর থেকে সৌরভের দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।দেহ উদ্ধারের সময় যুবকের মুখ এতটাই থেঁতলে দেওয়া হয়েছিল যে প্রথমে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মুখে ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। পরে তদন্ত এগোতেই মৃতের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয় ইকো পার্ক থানার পুলিশ।
এরপর নিউ টাউনের আদর্শপল্লি এলাকা থেকে সৌরভের ঘনিষ্ঠ এক বন্ধুকে আটক করে পুলিশ। ওই যুবককে আটকের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। খুনের ঘটনায় তাঁর যোগ রয়েছে সন্দেহে স্থানীয় কয়েকজন তাঁকে ঘিরে ধরে মারধর করেন বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কোনওরকমে ওই যুবককে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
এরপর সৌরভের আরও তিন বন্ধুকেও আটক করা হয়। চারজনকেই থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। সৌরভের সঙ্গে তাঁদের সম্পর্ক কেমন ছিল, কোনও পুরনো বিবাদ বা শত্রুতা ছিল কি না, ঘটনার আগে তাঁদের মধ্যে যোগাযোগ হয়েছিল কি না—সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের প্রাথমিক অনুমান, ভারী কোনও ভোঁতা বস্তু দিয়ে সৌরভের মুখে একাধিকবার আঘাত করা হয়ে থাকতে পারে। তবে সেই আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
ইতিমধ্যেই আটক চার যুবকের বয়ান রেকর্ড করা হচ্ছে। তাঁদের বক্তব্যের মধ্যে কোনও অসঙ্গতি রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একইসঙ্গে ঘটনার পিছনে ব্যক্তিগত শত্রুতা, পুরনো কোনও বিবাদ বা অন্য কোনও কারণ রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে। বস্তাবন্দি অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় গোটা ঘটনায় একাধিক প্রশ্ন সামনে এসেছে। তদন্ত যত এগোবে, সেই সব প্রশ্নের উত্তর মিলবে বলেই মনে করছে পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *