Breaking News

রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ারদের ভাতা বাড়ল! ১০ হাজার থেকে বেড়ে ১২ হাজার, সেপ্টেম্বরেই অ্যাকাউন্টে ঢুকবে বর্ধিত সাম্মানিক

প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। মাসিক সাম্মানিক ২ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এত দিন মাসে ১০ হাজার টাকা করে পাওয়া সিভিক ভলান্টিয়ারদের সাম্মানিক বেড়ে এবার ১২ হাজার টাকা হল। নতুন এই সিদ্ধান্ত ১ অগস্ট, ২০২৬ থেকে কার্যকর হবে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পুলিশ এস্টাবলিশমেন্ট শাখা থেকে এ বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দীর্ঘদিন ধরেই সিভিক ভলান্টিয়ারদের সাম্মানিক বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় ছিল। বিষয়টি খতিয়ে দেখার পর মাথাপিছু ২ হাজার টাকা বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে।অর্থাৎ, নির্দিষ্ট শর্ত মেনে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের অধীনে নিয়মিত দায়িত্ব পালন করা সিভিক ভলান্টিয়াররা এবার থেকে মাসে ১২ হাজার টাকা করে সাম্মানিক পাবেন। ১ অগস্ট থেকে বৃদ্ধি কার্যকর হওয়ায় সেপ্টেম্বর মাসে তাঁরা বর্ধিত সাম্মানিক হাতে পাবেন বলে সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে।তবে সাম্মানিক বৃদ্ধির পাশাপাশি সিভিক ভলান্টিয়ারদের চাকরির অন্যান্য শর্ত বা নিয়মে কোনও পরিবর্তন করা হয়নি। বর্ধিত সাম্মানিক বাবদ অতিরিক্ত খরচ সংশ্লিষ্ট উপযুক্ত খাত থেকেই বহন করা হবে বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্তে অর্থ দফতরের সম্মতিও নেওয়া হয়েছে।এর আগে রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সিভিক ভলান্টিয়ারদের পাশাপাশি ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশের পারিশ্রমিকও মাসে ২ হাজার টাকা করে বাড়ানোর ঘোষণা করা হয়েছিল। একই সঙ্গে এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু এবং প্রাণিমিত্রদের পারিশ্রমিক বৃদ্ধির কথাও জানানো হয়। আশাকর্মীদের মাসিক সাম্মানিক ৫ হাজার টাকা বাড়ানোর ঘোষণাও রয়েছে।বাজেটে সরকারি নিয়োগ নিয়েও একাধিক বড় ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছিলেন, সরকারি চাকরিতে এক লক্ষ শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য রাখা হবে। পুলিশে ২০ হাজার এবং শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে ৫০ হাজার নিয়োগের ঘোষণাও করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী ১০ শতাংশ পদ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত রাখার কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *