Breaking News

বিপর্যয় হোক বা আইনশৃঙ্খলার অবনতি, মুহূর্তে পৌঁছবে পুলিশ! মহালয়াতেই ৫৫২ থানায় ১১২ গাড়ি, বড় উপহার মুখ্যমন্ত্রীর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রাকৃতিক বিপর্যয় হোক কিংবা আইনশৃঙ্খলার অবনতি—যে কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি পরিষেবা পৌঁছে দিতে রাজ্যের পুলিশবাহিনীকে আরও শক্তিশালী করার পরিকল্পনা ঘোষণা করলেন পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার লালবাজারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, পুজোর আগেই রাজ্যের প্রতিটি থানায় পৌঁছে যাবে একটি করে ‘১১২’ ডেডিকেটেড কুইক রেসপন্স ভেহিকেল।শুভেন্দু জানান, দ্রুত পরিস্থিতি সামাল দিতে শুধু পর্যাপ্ত পুলিশকর্মী থাকাই যথেষ্ট নয়, প্রতিটি থানায় কুইক রেসপন্স ভেহিকেল থাকাও জরুরি। সেই লক্ষ্যেই রাজ্যের ৫৫২টি থানায় একটি করে ‘১১২’ গাড়ি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর জন্য এবারের বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান তিনি। মহালয়া উপলক্ষে ব্রিগেডে এই ৫৫২টি গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে বলে জানান পুলিশমন্ত্রী।
পুলিশবাহিনীর আধুনিকীকরণের পাশাপাশি আরও একাধিক পরিকল্পনার কথাও এদিন জানান শুভেন্দু। তাঁর বক্তব্য, সব থানার পরিকাঠামো আধুনিক করা হবে। মহিলা হেল্পডেস্কগুলিকে আরও উন্নত করার পাশাপাশি সাইবার অপরাধ মোকাবিলায় নজরদারি বাড়ানো হবে।সাইবার প্রতারণা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পুলিশমন্ত্রী। তাঁর কথায়, সাধারণ মানুষের জমানো টাকা সাইবার অপরাধীদের হাতে চলে যাচ্ছে। এই ধরনের অপরাধ ঠেকাতে পুলিশের নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে।
এদিন সিভিল ডিফেন্সে নতুন একটি ২০০ সদস্যের বিশেষ বাহিনী তৈরির ঘোষণাও করেন শুভেন্দু। বাহিনীটির নাম দেওয়া হয়েছে ‘অর্জুন’। পুজোর আগেই এই টিম কাজ শুরু করবে বলে জানান তিনি। এই বাহিনীতে অগ্নিবীরদেরও যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পুলিশমন্ত্রী।প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার প্রসঙ্গ তুলে আমফানের সময়ের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন শুভেন্দু। তাঁর দাবি, অতীতে বড় বিপর্যয়ের সময়ে দ্রুত গাছ সরানো বা রাস্তা পরিষ্কারের ক্ষেত্রে প্রশাসনের ব্যর্থতা দেখা গিয়েছিল। সেই পরিস্থিতির যাতে পুনরাবৃত্তি না হয়, সে জন্য এবার আরও দ্রুত প্রতিক্রিয়া জানানোর মতো পুলিশ ও সিভিল ডিফেন্স ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।পাশাপাশি, কর্তব্যরত অবস্থায় সাহসিকতার সঙ্গে মানুষের জীবন রক্ষায় এগিয়ে আসা পুলিশ আধিকারিকদের সম্মান জানাতে ‘জীবন রক্ষক’ পুরস্কার চালুর ঘোষণাও করেন শুভেন্দু। সব মিলিয়ে পুজোর আগেই রাজ্যের পুলিশি পরিকাঠামোয় একাধিক বড় পরিবর্তনের বার্তা দিলেন পুলিশমন্ত্রী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *