Breaking News

‘১৪ হাজার মামলা দিয়েছেন তো?’, ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মমতার হুঙ্কার! ‘দরকার হলে সুপ্রিম কোর্ট পেরিয়ে আন্তর্জাতিক আদালতে যাব’

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না। একের পর এক মামলা দিয়ে চাপ তৈরি করার চেষ্টা হলেও তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে দল। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেরও দ্বারস্থ হওয়ার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করে এমনই হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী।২১ জুলাইয়ের পর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান নিয়েও শাসকদলের দুই শিবিরের মধ্যে টানাপড়েন তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত বিড়লা তারামণ্ডলের সামনে সভা করার অনুমতি পায় কালীঘাটের তৃণমূল। শুক্রবার সেখানেই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান হয়। সেই মঞ্চ থেকেই ছাত্র-যুব কর্মীদের আন্দোলনে নামার বার্তা দেন মমতা।
তৃণমূল নেত্রীর কথায়, ছাত্র ও যুবকদের রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। প্রয়োজনে জেলে যেতে হলেও পিছিয়ে আসা যাবে না। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ‘‘দরকার হলে এক মাস জেলের ভাত খাবেন, কিন্তু বিজেপির ভাত খাবেন না।’’
এরপরই বিজেপির বিরুদ্ধে একের পর এক মামলা করার অভিযোগ তুলে সরব হন মমতা। তাঁর দাবি, তৃণমূলের বিরুদ্ধে প্রায় ১৪ হাজার মামলা করা হয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্টে কল্যাণ লড়ছে, আমিও যাব। দরকার হলে ইন্টারন্যাশনাল কোর্টে যাব।’’
শুধু দল নয়, প্রশাসনিক স্তরেও এর প্রভাব পড়বে বলে হুঁশিয়ারি দেন মমতা। তাঁর বক্তব্য, ‘‘সরকারও ফাঁসবে। যাঁরা গ্রেফতার করবেন, তাঁরাও ফাঁসবেন।’’ একইসঙ্গে যারা অত্যাচার করছেন, তাঁদের ভবিষ্যৎ নিয়েও কড়া বার্তা দেন তিনি।এ দিন নিজের জেলা সফরের পরিকল্পনার কথাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, খুব শীঘ্রই জেলা সফর শুরু করবেন। কোথাও তাঁকে সভা বা কর্মসূচির অনুমতি না দেওয়া হলে রাস্তায় নেমেই হাঁটার বার্তা দেন তিনি।মিছিল-মিটিংয়ের অনুমতির বিষয়েও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী। তাঁর বক্তব্য, গণতান্ত্রিক আন্দোলনের জন্য বারবার আদালতের অনুমতি নেওয়ার প্রয়োজন কেন হবে? আদালতে এমনিতেই বহু মামলা রয়েছে, সেখানে অযথা সময় নষ্ট করা উচিত নয়। পুলিশ অনুমতি না দিলে এবার থেকে জনগণের অনুমতি নিয়েই আন্দোলনে নামার বার্তা দেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *