Breaking News

সপ্তাহান্তে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক! বাতিল একাধিক লোকাল, সংক্ষিপ্ত লালগোলা-শিয়ালদহ, কবে-কখন বন্ধ থাকবে ট্রেন চলাচল?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সপ্তাহান্তে রেললাইনে গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নের কাজের জন্য ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক নিতে চলেছে শিয়ালদহ ডিভিশন। এর জেরে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি লালগোলা-শিয়ালদহ লোকালের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। ফলে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ভোগান্তির আশঙ্কা রয়েছে নিত্যযাত্রীদের।রেলের তরফে শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৯ অগস্ট শনিবার গভীর রাত থেকে এই কাজ শুরু হবে। রাত ১২টা থেকে রবিবার ৩০ অগস্ট সকাল ৭টা পর্যন্ত চলবে ট্রাফিক ব্লক। এই সময় শিয়ালদহের ডাউন লাইনের পয়েন্টের ক্ষমতা ও স্থায়িত্ব বাড়ানোর কাজ করা হবে। পাশাপাশি ট্র্যাকের বিভিন্ন ফিটিংস, ক্রসিং এবং গ্লুড জয়েন্টও বদলানো হবে। প্রয়োজন অনুযায়ী আরও কিছু পরিকাঠামোগত কাজ করা হবে বলে জানিয়েছে রেল।এই ব্লকের কারণে মোট পাঁচ জোড়া লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাতিল থাকবে ৩৩৬৫১ আপ ও ৩৩৬৫২ ডাউন এবং ৩৩৬৫৩ আপ ও ৩৩৬৫৪ ডাউন শিয়ালদহ-হাবড়া লোকাল।শিয়ালদহ-কল্যাণী সীমান্ত শাখাতেও বাতিল করা হয়েছে ট্রেন। ৩১৩১৩ আপ এবং ৩১৩১৬ ডাউন কল্যাণী সীমান্ত লোকাল চলবে না। পাশাপাশি ৩২২১৭ আপ ও ৩২২১৮ ডাউন শিয়ালদহ-ডানকুনি লোকালও বাতিল করা হয়েছে।
রেলের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এক জোড়া রানাঘাট লোকালও এই সময় বাতিল থাকবে। ৩১৬১৫ আপ এবং ৩১৬২০ ডাউন রানাঘাট লোকাল বাতিল করা হয়েছে।অন্যদিকে, ৫৩১৭২ ডাউন লালগোলা-শিয়ালদহ লোকালের যাত্রাপথও কমানো হয়েছে। ৩০ অগস্ট ট্রেনটি শিয়ালদহ পর্যন্ত না গিয়ে দমদম পর্যন্ত চলবে।
শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, নিরাপদ এবং সুষ্ঠুভাবে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট অপারেটিং, ইঞ্জিনিয়ারিং, সিগন্যালিং ও কমার্শিয়াল বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রেন বাতিল এবং যাত্রাপথ সংক্ষিপ্ত করার বিষয়ে শিয়ালদহ স্টেশনে নিয়মিত ঘোষণা করা হবে।
রেলের পরিকাঠামো আরও উন্নত করা এবং ভবিষ্যতে ট্রেন চলাচল আরও নিরাপদ ও সুষ্ঠু রাখতেই এই কাজ করা হচ্ছে বলে জানিয়েছে শিয়ালদহ ডিভিশন। সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের সহযোগিতার আবেদন জানিয়েছে রেল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *