Breaking News

‘বিপজ্জনক বাড়ি’ ঘোষণা আগেই! শোভাবাজারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বারান্দা-ছাদ, অল্পের জন্য রক্ষা ২ বাসিন্দা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-শুক্রবার দুপুরে উত্তর কলকাতার শোভাবাজারে আচমকাই ভেঙে পড়ল একটি পুরনো বাড়ির বারান্দা ও ছাদের একাংশ। বিকট শব্দে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দুর্ঘটনার সময় বাড়ির ভিতরে থাকা দুই বাসিন্দাকে দ্রুত উদ্ধার করেন স্থানীয়রা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তাঁরা নিরাপদে রয়েছেন। তবে ধ্বংসস্তূপের নীচে কোনও পথচারী আটকে পড়েছেন কি না, তা নিশ্চিত করতে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী।ঘটনাটি ঘটে ৬৬ নম্বর রাজা নবকৃষ্ণ স্ট্রিটে। মেন রাস্তার ধারে নয়, একটি সরু গলির মধ্যে অবস্থিত ওই বাড়িটি বেশ পুরনো। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই জীর্ণ অবস্থায় ছিল বাড়িটি। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ আচমকাই বাড়িটির বারান্দা এবং ছাদের একটি অংশ ভেঙে রাস্তায় এসে পড়ে।বাড়ির অংশ ভেঙে পড়ার শব্দ শুনে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। সেই সময় বাড়ির ভিতরেই ছিলেন দুই বাসিন্দা। কোনও রকমে ধ্বংসস্তূপ সরিয়ে স্থানীয়রাই বাড়ির ভিতরে ঢুকে দু’জনকে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। পরে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে।
ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। ধ্বংসস্তূপের নীচে কেউ চাপা পড়ে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হয়। সম্ভাব্য আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে পুলিশ কুকুর নামিয়েও তল্লাশি চালানো হয়। তবে এখনও পর্যন্ত ধ্বংসস্তূপের নীচ থেকে কারও সন্ধান মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোতলা ওই বাড়িটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনক অবস্থায় ছিল। কলকাতা পুরসভার তরফেও বাড়িটিকে বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছিল। বাড়ির বাইরে ‘বিপজ্জনক বাড়ি’ লেখা বোর্ডও লাগানো ছিল। ওই বাড়ির দোতলায় দুই ভাড়াটিয়া পরিবার থাকেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার সময় তাঁদের মধ্যে দুই বাসিন্দা বাড়িতে ছিলেন এবং তাঁদেরই নিরাপদে উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, লাগাতার বৃষ্টি এবং দীর্ঘদিনের জীর্ণতার কারণে বাড়িটির কাঠামো আরও দুর্বল হয়ে পড়েছিল। তার জেরেই বারান্দা ও ছাদের একাংশ ভেঙে পড়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে বাড়ির অংশটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখছে প্রশাসন।
বর্ষাকালে কলকাতায় পুরনো ও বিপজ্জনক বাড়ির অংশ ভেঙে পড়ার ঘটনা নতুন নয়। প্রতি বছরই শহরের বিভিন্ন এলাকায় এমন দুর্ঘটনা ঘটে। শোভাবাজারের এই ঘটনাও ফের শহরের পুরনো বিপজ্জনক বাড়িগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *