দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা:- সাইবার প্রতারণায় ব্যবহারের জন্য বেআইনি ভাবে সিম কার্ড বিক্রির অভিযোগে তিন জনকে গ্রেফতার করল যাদবপুর থানার পুলিশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে জমা পড়া প্রায় ১৫টি অভিযোগের সূত্র ধরে তদন্তে নেমে এই চক্রের সন্ধান পান তদন্তকারীরা।পুলিশ সূত্রে খবর, তদন্তে ‘মা ভ্যারাইটি’ নামে একটি দোকানের নাম সামনে আসে। দোকানটির ঠিকানা হিসেবে বাঘাযতীন কলোনির একটি জায়গার উল্লেখ ছিল। সেই ঠিকানা যাচাই করতে গিয়ে পুলিশের সন্দেহ আরও বাড়ে। তদন্তকারীরা গিয়ে দেখেন, সেখানে ওই নামে কোনও দোকানের অস্তিত্বই নেই। অর্থাৎ কাগজপত্রে দোকান থাকলেও বাস্তবে তার কোনও অস্তিত্ব ছিল না। দেওয়া ঠিকানাটিও ভুয়ো বলে জানতে পারে পুলিশ।অভিযোগ, ওই ভুয়ো দোকানের নাম ব্যবহার করে বেআইনি ভাবে মোট ১০টি সিম কার্ড বিক্রি করা হয়েছিল। পরবর্তী সময়ে সেই সিমগুলিই দেশের বিভিন্ন প্রান্তে সাইবার অপরাধের কাজে ব্যবহার করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।এরপরেই শুক্রবার যাদবপুর থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়। ঘটনায় পিন্টু ঘোষ, রাজীব পাসোয়ান এবং বাবুসোনা হালদার নামে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, সিম কার্ডের অনুমোদনের জন্য প্রয়োজনীয় নথিতে ভুয়ো সই ও সিল ব্যবহার করেছিলেন পিন্টু ঘোষ। একডালিয়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। অন্য দিকে, বাবুসোনা হালদারের কাছ থেকে সিম সংগ্রহ করতেন রাজীব পাসোয়ান বলে অভিযোগ। সেই সূত্রেই দু’জনকেও গ্রেফতার করা হয়েছে।
তদন্তকারীদের অনুমান, এই সিম কার্ডগুলিই দেশের বিভিন্ন প্রান্তে সংগঠিত সাইবার প্রতারণা, জালিয়াতি এবং আর্থিক প্রতারণার মতো অপরাধে ব্যবহার করা হয়েছে। সিমগুলি কী ভাবে সরবরাহ করা হয়েছিল, এর পিছনে আরও কেউ জড়িত কি না এবং পুরো প্রক্রিয়ায় পিওএস এজেন্টদের কোনও ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
Hindustan TV Bangla Bengali News Portal