Breaking News

নিউ ফরাক্কায় রেললাইনে ধস, ৬৫ ঘণ্টা পর ফের ছুটল ট্রেন! স্বাভাবিক হচ্ছে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ

প্রসেনজিৎ ধর, কলকাতা :- অবশেষে নিউ ফরাক্কা জংশনের কাছে স্বাভাবিক হল রেল চলাচল। টানা বৃষ্টিতে রেললাইনের নীচের মাটি বসে গিয়ে যে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, শনিবার সন্ধ্যায় সেই জায়গায় মেরামতির কাজ শেষ করে ট্রেন চলাচল ফের শুরু করল পূর্ব রেল। মেরামতির পর ট্র্যাক, পয়েন্ট এবং ওএইচই-সহ একাধিক বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা করা হয়। তার পরই ওই লাইনে ট্রায়াল রান করানো হয়। ট্রায়াল সফল হওয়ার পর যাত্রীবাহী ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, শনিবার সন্ধ্যার পর থেকে হাওড়া এবং শিয়ালদহ থেকে উত্তরবঙ্গমুখী ট্রেনগুলি নির্ধারিত সময়সূচি মেনেই চলবে। তবে এর আগে বেশ কয়েকটি আপ ট্রেন বাতিল হওয়ায় সেই ট্রেনগুলির ডাউন পরিষেবা স্বাভাবিক থাকবে না। রবিবার সকাল থেকে ডাউন লাইনে ট্রেন চলাচলও স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।গত ৩ সেপ্টেম্বর রাতে প্রবল বৃষ্টির জেরে নিউ ফরাক্কা ও তিলডাঙার মধ্যবর্তী এলাকায় রেললাইনের নীচের বাঁধে ধস নামে। আপ ও ডাউন লাইনের মাঝের অংশ দিয়ে জল চুঁইয়ে পড়ার পাশাপাশি আপ লাইনের পাশে থাকা একটি পুকুরের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। জল ঢুকে মাটির নীচের নরম অংশ আরও দুর্বল হয়ে পড়ে। এর জেরেই আপ লাইনের একটি অংশ বসে যায়। ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু করে রেল। ক্ষতিগ্রস্ত অংশে পাইলিং, পাথরের গুঁড়ো দিয়ে ভরাট, ব্যালাস্ট প্যাকিং-সহ একাধিক স্থায়িত্ব বৃদ্ধির কাজ করা হয়। প্রথম দফায় ছ’টি পাইলিং রিগ এবং প্রায় ২০০ জন কর্মীকে কাজে নামানো হয়েছিল। পরে মেরামতির কাজে আরও ১০০ জন স্থানীয় কর্মী এবং আজিমগঞ্জ থেকে আরও ১০০ জন কর্মী যোগ দেন। শনিবার মেরামতির কাজ শেষ হওয়ার পর শুরু হয় চূড়ান্ত পর্যায়ের পরিদর্শন। ট্র্যাকের পাশাপাশি পয়েন্ট এবং ওএইচই ব্যবস্থা পরীক্ষা করে দেখা হয়। যাত্রীবাহী ট্রেন চালানোর আগে সংশ্লিষ্ট লাইনে ট্রায়াল রানও করানো হয়। সমস্ত নিরাপত্তা মান পূরণ হয়েছে নিশ্চিত হওয়ার পরই রেল পরিষেবা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে কয়েকদিন ধরে যে রেল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছিল, তা ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে। শনিবার সন্ধ্যার পর থেকে আপ লাইনে ট্রেন চলাচল শুরু হলেও রবিবার সকাল থেকে ডাউন পরিষেবাও পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *