নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগের তদন্তে কলকাতার ৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার অলকানন্দা দাসের বাড়িতে অভিযান চালাল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন। শনিবার বেলেঘাটায় তাঁর বাড়িতে পৌঁছন কমিশনের তিন সদস্য। তাঁদের সঙ্গে ছিলেন বেলেঘাটা থানার পুলিশকর্মীরাও।
কমিশন সূত্রে জানা গিয়েছে, অলকানন্দার বিরুদ্ধে বেআইনি নির্মাণ এবং আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পত্তি থাকার অভিযোগে লিখিত অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই প্রাথমিক তদন্ত শুরু হয়। অভিযোগের সত্যতা যাচাই করতেই শনিবার তাঁর দুই ঠিকানায় তল্লাশি চালানো হয় বলে খবর।তদন্তকারীদের নজরে রয়েছে প্রাক্তন কাউন্সিলারের গত পাঁচ বছরের আর্থিক লেনদেন সংক্রান্ত বিভিন্ন নথি। সূত্রের খবর, গত পাঁচ বছরের আয়কর রিটার্ন, ঘোষিত সম্পত্তির হিসাব এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট খতিয়ে দেখা হতে পারে। তাঁর সম্পত্তির পরিমাণ এবং আয়ের সঙ্গে তার সামঞ্জস্য রয়েছে কি না, সে বিষয়টিও যাচাই করছেন তদন্তকারীরা।পুলিশ সূত্রে খবর, শনিবারের অভিযানে কমিশনের আধিকারিকদের সঙ্গে স্থানীয় থানার পুলিশও ছিল। যদিও তল্লাশিতে কী কী নথি বা তথ্য পাওয়া গিয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।উল্লেখ্য, এর আগেও কলকাতার একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও তাঁদের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্তে সক্রিয় হয়েছে এই কমিশন। কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিমের মালিকানাধীন দু’টি সংস্থার অফিসেও এর আগে তল্লাশি চালিয়েছিলেন কমিশনের সদস্যরা।রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল সরকারের আমলে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বিজেপি সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন গঠন করে। কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুকে এই কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। শিক্ষা, খাদ্য, পুরসভা, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে উম্পুন ত্রাণ সংক্রান্ত অনিয়মের অভিযোগও খতিয়ে দেখার দায়িত্ব রয়েছে কমিশনের।
Hindustan TV Bangla Bengali News Portal