দেবরীনা মণ্ডল সাহা :- বন দফতর থেকে স্কুলশিক্ষা—একাধিক ক্ষেত্রে কর্মরতদের পারিশ্রমিক ও ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বন সহায়ক, ফরেস্ট গার্ড থেকে শুরু করে প্যারা টিচার, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর এবং অ্যাকাডেমিক সুপারভাইজারদের জন্য বাড়ানো হয়েছে নির্দিষ্ট অঙ্কের পারিশ্রমিক। পাশাপাশি প্রাক্তন বিধায়কদের মেডিক্যাল ভাতাও বাড়ানোর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ডেপুটি রেঞ্জার এবং ফরেস্ট গার্ডদের মাসিক ভাতা ৫ হাজার টাকা করে বাড়ছে। আগামী ১ অক্টোবর থেকে নতুন হারে এই ভাতা কার্যকর হবে। একই ভাবে বন সহায়কদের পারিশ্রমিকও ২ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। এর ফলে রাজ্যের প্রায় ১,৫০০ জন বন সহায়ক উপকৃত হবেন। তাঁদের ক্ষেত্রেও বর্ধিত পারিশ্রমিক ১ অক্টোবর থেকে কার্যকর হবে।
প্রাক্তন বিধায়কদের জন্যও রয়েছে বড় ঘোষণা। তাঁদের মেডিক্যাল ভাতা ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। ইতিমধ্যেই গত ১ অগস্ট থেকে এই বর্ধিত ভাতা কার্যকর হয়েছে।বিধায়কদের জন্যও নতুন সুবিধার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যে বিধায়করা ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র’ চালু করেছেন, সেই সেবাকেন্দ্র পরিচালনার জন্য ১ জুন থেকে মাসে ৩০ হাজার টাকা করে দেওয়া হবে।
স্কুলশিক্ষা দফতরের অধীন একাধিক পদের পারিশ্রমিক বৃদ্ধির কথাও এ দিন ঘোষণা করা হয়েছে। প্রাথমিক স্তরের প্যারা টিচারদের মাসিক পারিশ্রমিক ১১,৯৪১ টাকা থেকে বাড়িয়ে ১৬,৯৪১ টাকা করা হয়েছে। অর্থাৎ মাসে ৫ হাজার টাকা বৃদ্ধি। এই নতুন হার আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। প্রায় ২০ হাজার ২৪৩ জন প্রাথমিক স্তরের প্যারা টিচার এর আওতায় আসবেন।
উচ্চ-প্রাথমিক স্তরের প্যারা টিচারদেরও ৫ হাজার টাকা করে পারিশ্রমিক বাড়ছে। এই স্তরে ২১ হাজারেরও বেশি শিক্ষক উপকৃত হবেন। আগামী ১ নভেম্বর থেকে বর্ধিত পারিশ্রমিক কার্যকর হবে। ফলে বর্তমানে ১৫ হাজার টাকার কাছাকাছি পারিশ্রমিক পাওয়া শিক্ষকরা এবার ২০ হাজার টাকার বেশি পাবেন।এ ছাড়াও শিক্ষাবন্ধুদের পারিশ্রমিক ৫ হাজার টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। স্পেশাল এডুকেটরদেরও ৫ হাজার টাকা করে বৃদ্ধি করা হয়েছে। রাজ্যে এই মুহূর্তে ২১ জন স্পেশাল এডুকেটর রয়েছেন। ম্যানেজমেন্ট স্টাফদের পারিশ্রমিক বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
এসএসকে-র প্রায় ৩০,৫৯২ জন কর্মীর পারিশ্রমিক ৫ হাজার টাকা করে বাড়ছে। একই ভাবে এমএসকে-র ৬ হাজারের বেশি কর্মীরও পারিশ্রমিক ৫ হাজার টাকা করে বৃদ্ধি করা হয়েছে। অ্যাকাডেমিক সুপারভাইজারদের ক্ষেত্রেও রয়েছে একই সুবিধা। ৪৯২ জন অ্যাকাডেমিক সুপারভাইজারের পারিশ্রমিক ৫ হাজার টাকা করে বাড়ানো হয়েছে।
এদিনের ঘোষণার পাশাপাশি উচ্চশিক্ষা ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের পারস্পরিক বদলির সুযোগ সংক্রান্ত সংশোধনীতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ‘পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রশাসন ও নিয়ন্ত্রণ সংশোধন বিল, ২০২৬’ আগামী ১০ সেপ্টেম্বর বিধানসভার এক দিনের বিশেষ অধিবেশনে পেশ করার প্রস্তাব রয়েছে। নিয়ম মেনে পরবর্তী সময়ে রাজ্যপালের অনুমোদনের প্রক্রিয়াও সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।
এক নজরে পারিশ্রমিক বৃদ্ধির তালিকা:
ডেপুটি রেঞ্জার ও ফরেস্ট গার্ড — ৫,০০০ টাকা বৃদ্ধি |
বন সহায়ক — ২,০০০ টাকা বৃদ্ধি
প্রাক্তন বিধায়কদের মেডিক্যাল ভাতা — ৬,০০০ থেকে ১০,০০০ টাকা |
নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র — ৩০,০০০ টাকা |
প্রাথমিক প্যারা টিচার — ৫,০০০ টাকা বৃদ্ধি |
উচ্চ-প্রাথমিক প্যারা টিচার — ৫,০০০ টাকা বৃদ্ধি |
শিক্ষাবন্ধু — ৫,০০০ টাকা বৃদ্ধি
স্পেশাল এডুকেটর — ৫,০০০ টাকা বৃদ্ধি |
এসএসকে কর্মী — ৫,০০০ টাকা বৃদ্ধি |
এমএসকে কর্মী — ৫,০০০ টাকা বৃদ্ধি |
অ্যাকাডেমিক সুপারভাইজার — ৫,০০০ টাকা বৃদ্ধি |
Hindustan TV Bangla Bengali News Portal