দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দুর্গাপুজোর আগেই রাজ্যজুড়ে একাধিক বড় মাপের প্রশাসনিক ও জনমুখী কর্মসূচির ঘোষণা করল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী মাসে উৎসবের আবহেই নানা জনকল্যাণমূলক এবং রাষ্ট্রীয় মর্যাদার কর্মসূচি পালন করা হবে। এই সমস্ত অনুষ্ঠানে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ থাকবে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী জানান, আগামী ৭ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরবর্তীতে দেশের প্রধানমন্ত্রী হিসেবে ২৫ বছরের প্রশাসনিক জীবন পূর্ণ হবে। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে গোটা রাজ্যে ‘সেবা সংকল্প দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি জেলার সদর কার্যালয়ে হবে বিশেষ অনুষ্ঠান। ওই দিন প্রধানমন্ত্রী ভার্চুয়ালি দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে বক্তব্য রাখবেন।এছাড়াও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’র আয়োজন করা হবে। বাইক ও সাইকেল র্যালি, সেবা যাত্রা, সেবাসেতু যাত্রা, রঙ্গোলি যাত্রা এবং ‘রাষ্ট্রীয় ইনোভেশন চ্যালেঞ্জ’-সহ একাধিক কর্মসূচি থাকছে। এর মধ্যে বিশেষ আকর্ষণ হতে চলেছে ‘রঙ্গোলি যাত্রা’। প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে তৈরি করা হবে ১০৮ মিটার দীর্ঘ ‘ভারত মণ্ডল’।
পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যকে নিয়ে আয়োজন করা হবে ‘রাষ্ট্রীয় ইনোভেশন চ্যালেঞ্জ’। পাশাপাশি, ৮০ হাজারেরও বেশি স্কুলপড়ুয়াকে নিয়ে ‘বিকশিত ভারত’ প্রতিযোগিতার আয়োজন করছে স্কুলশিক্ষা দফতর। ২০৪৭ সালে ভারত কেমন হবে, সেই ভাবনাকে সামনে রেখে অঙ্কন, প্রবন্ধ, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হবে। এর পাশাপাশি আগামী ১৭ সেপ্টেম্বর পূর্বঘোষিত ‘অন্নপূর্ণা দিবস’ বিশেষভাবে পালন করা হবে। ওই দিন রাজ্য সরকারের উদ্যোগে গোটা রাজ্যে এক কোটি প্রদীপ জ্বালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। কলকাতায় মূল অনুষ্ঠানটি হবে গঙ্গার বিভিন্ন ঘাটে।
প্রধানমন্ত্রীর ২৫ বছরের প্রশাসনিক জীবন পূর্তি উপলক্ষে স্কুলশিক্ষা দফতরের তরফেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ২০৪৭ সালের ‘বিকশিত ভারত’-এর ভাবনাকে সামনে রেখে রাজ্যের ৮০ হাজারের বেশি বিদ্যালয়কে এই উদ্যোগের আওতায় আনা হয়েছে। পড়ুয়াদের জন্য প্রবন্ধ রচনা ও তাৎক্ষণিক বক্তৃতার পাশাপাশি রাজ্যজুড়ে সাইকেল এবং বাইক র্যালিরও আয়োজন করা হবে।
অন্য দিকে, রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘রঙ্গোলী রাষ্ট্র’ কর্মসূচি। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ১০৮ মিটার দীর্ঘ ‘ভারত মণ্ডল’-এর আদলে বিশাল রঙ্গোলি প্রদর্শনীর আয়োজন করা হবে। মহালয়ার মাধ্যমে দেবীপক্ষ শুরুর আগেই যাবতীয় প্রস্তুতি শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
তবে যে দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা হয়েছে, সেখানে নির্বাচনী বিধি মেনে এবং সরকারি নিয়মকানুনের কোনও ব্যত্যয় না ঘটিয়েই কর্মসূচিগুলি পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে। রাজ্যের সাধারণ মানুষকে এই জাতীয় ও রাজ্যভিত্তিক কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Hindustan TV Bangla Bengali News Portal