প্রসেনজিৎ ধর, কলকাতা :-ক্যামাক স্ট্রিটের তৃণমূলের পার্টি অফিস ঘিরে ফের আইনি জটিলতা। বাড়ির মালিকের দেওয়া অফিস ছাড়ার নোটিসে কলকাতার সিটি সিভিল কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেও, দমকল বিভাগের পৃথক নোটিসে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে ওই অফিসের ব্যবহার। দমকলের নির্দেশ অনুযায়ী, প্রয়োজনীয় শংসাপত্র না পাওয়া পর্যন্ত ওই জায়গা ব্যবহার করা যাবে না বলেই জানাচ্ছেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা।তৃণমূলের আইনজীবী অর্ক কুমার নাগ আদালতে জানান, গত ২৫ অগস্ট ৯, ক্যামাক স্ট্রিটের সপ্তম ও অষ্টম তলায় থাকা তৃণমূলের পার্টি অফিস ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নোটিস দিয়েছিলেন বাড়ির মালিক। সেই নোটিসের উপর স্থগিতাদেশ দেয় কলকাতার সিটি সিভিল কোর্ট।
এরই মধ্যে দমকল বিভাগের তরফে পৃথক নোটিস দেওয়া হয়। সেখানে দাবি করা হয়, পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের ওই অংশ অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। ফলে ভবনের ভিতরে এবং আশপাশে থাকা মানুষের জীবন ও নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় ঝুঁকি তৈরি হতে পারে। সেই কারণেই অবিলম্বে ভবনের ওই অংশ খালি করার নির্দেশ দেয় দমকল। পাশাপাশি, নতুন করে প্রয়োজনীয় শংসাপত্র না পাওয়া পর্যন্ত ওই জায়গা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
দমকলের এই নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মামলার শুনানিতে দমকলের নোটিসের কার্যকারিতার উপর আপাতত স্থগিতাদেশ দেওয়া হলেও, অফিস ব্যবহারের বিষয়ে সরাসরি ছাড়পত্র দেয়নি আদালত। ফলে নতুন করে জটিলতা তৈরি হয়েছে ক্যামাক স্ট্রিটের তৃণমূলের পার্টি অফিস নিয়ে।তাহলে কি শেষ পর্যন্ত ক্যামাক স্ট্রিটের অফিস খালি করতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? নাকি আদালতের পরবর্তী নির্দেশে মিলবে অন্য কোনও সমাধান? আপাতত নজর ১৬ সেপ্টেম্বরের দিকে। ওই দিনই মামলায় চূড়ান্ত নির্দেশ দিতে পারে কলকাতা হাইকোর্ট।
Hindustan TV Bangla Bengali News Portal