Breaking News

ফ্রিজ খুলতেই ৭০ কেজি মাংস! ‘অস্বাস্থ্যকর ভাবে’ সংরক্ষণের অভিযোগ, সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- কয়েক সপ্তাহ ধরেই রাজ্যজুড়ে হোটেল, রেস্তরাঁ এবং খাবারের দোকানে অভিযান চালাচ্ছে খাদ্য সুরক্ষা দফতর। কলকাতার একাধিক রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড করার পর এবার লেকটাউনে অভিযান চালানো হল প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর রেস্তরাঁয়। শুক্রবার দুই রেস্তরাঁয় একযোগে অভিযান চালান খাদ্য সুরক্ষা দফতর, ক্রেতা সুরক্ষা দফতর এবং লেকটাউন থানার পুলিশ আধিকারিকরা। তল্লাশিতে উঠে আসে একাধিক অনিয়মের অভিযোগ। খাদ্য সুরক্ষা দফতর সূত্রে খবর, লেকটাউনের গোলাঘাটা এলাকার বেঙ্গল ধাবায় অভিযান চালানোর সময় প্লাস্টিকে মোড়া প্রায় ৬০ থেকে ৭০ কেজি মাংস উদ্ধার হয়। আধিকারিকদের দাবি, দীর্ঘ সময় ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ওই মাংস সংরক্ষণ করে রাখা হয়েছিল। অভিযোগ, খাবারের আশপাশে মাছি-মশার উপদ্রবও ছিল। এরপরই উদ্ধার হওয়া মাংস নষ্ট করে ফেলার নির্দেশ দেওয়া হয়। মাংস সংরক্ষণের পদ্ধতি নিয়ে রেস্তরাঁ কর্তৃপক্ষকে শো-কজ় নোটিসও দেওয়া হয়েছে।
একইসঙ্গে লেকটাউনের চাইনিজ রেস্তরাঁতেও অভিযান চালান আধিকারিকরা। সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে একাধিক ত্রুটি ধরা পড়েছে বলে খবর। রেস্তরাঁটি শনিবার ও রবিবার বন্ধ রেখে সম্পূর্ণ পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ হওয়ার পর ফের পরিদর্শনে যাবেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। তাঁদের অনুমতির পরেই রেস্তরাঁটি ফের খোলা যাবে বলে জানানো হয়েছে।
খাবার তৈরির পরিবেশ থেকে শুরু করে সংরক্ষণ ব্যবস্থা এবং পানীয় জল— সব ক্ষেত্রেই খাদ্য সুরক্ষা বিধি মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে দফতর সূত্রে খবর। আধিকারিকদের বক্তব্য, মানুষ টাকা খরচ করে রেস্তরাঁয় স্বাস্থ্যকর খাবার খেতে যান। সেখানে খাবার অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করা হলে তা জনস্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক হতে পারে। তাই খাদ্যের গুণমান ও স্বাস্থ্যবিধির ক্ষেত্রে কোনওরকম আপস করা হবে না।
মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে শুরু হয়েছে এই বিশেষ অভিযান। কলকাতার নিউ মার্কেটের হগ মার্কেট চত্বর থেকে কর্মসূচির সূচনা করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, খাবারে ক্ষতিকর রং ব্যবহার-সহ যে কোনও ধরনের অসাধু কারবারের বিরুদ্ধে ‘জ়িরো টলারেন্স’ নীতি নেওয়া হবে। এরপর থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রেস্তরাঁ ও খাবারের দোকানে ধারাবাহিক অভিযান চলছে।
কলকাতা পুরসভা সূত্রে ইতিমধ্যেই একাধিক খাবারের দোকান ও রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড করার কথা জানানো হয়েছে। তালিকায় বেশ কয়েকটি পরিচিত রেস্তরাঁ ও খাদ্যবিপণির নামও রয়েছে। তার মধ্যেই লেকটাউনের এই অভিযানে বিপুল পরিমাণ মাংস উদ্ধারের ঘটনা ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *