দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রবিবার কলকাতা মেট্রোর ব্লু লাইনে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা। রক্ষণাবেক্ষণের কাজের কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আংশিক ভাবে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত অংশে এই সময় কোনও মেট্রো চলবে না বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
তবে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অংশে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টালিগঞ্জ ও দক্ষিণেশ্বরের মধ্যে আপ এবং ডাউন— দুই দিকেই মেট্রো চলাচল করবে। অর্থাৎ, দক্ষিণেশ্বরের দিক থেকে যাত্রীরা টালিগঞ্জ পর্যন্ত যেতে পারবেন। একই ভাবে টালিগঞ্জ থেকেও দক্ষিণেশ্বরের দিকে যাতায়াত করা যাবে। কিন্তু টালিগঞ্জ পেরিয়ে শহিদ ক্ষুদিরামের দিকে যেতে চাইলে যাত্রীদের বিকল্প পরিবহণের ব্যবস্থা করতে হবে।
সন্ধ্যা সাড়ে ৬টার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই সময়ের পর দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পুরো ব্লু লাইনে সূচি মেনেই পরিষেবা পাওয়া যাবে।
রবিবার সাধারণত অফিসযাত্রীদের চাপ কম থাকে। তবে ছুটির দিনে মেট্রোই শহরের অন্যতম প্রধান ভরসা। বিশেষ করে পুজোর আগে কেনাকাটার জন্য বহু মানুষ শহরের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন। ফলে প্রায় সাড়ে ৯ ঘণ্টা টালিগঞ্জ-শহিদ ক্ষুদিরাম অংশে পরিষেবা বন্ধ থাকলে যাত্রীদের সমস্যায় পড়তে হতে পারে। কলকাতা মেট্রোর ব্যস্ততম রুটগুলির অন্যতম ব্লু লাইন— দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম। প্রতিদিন এই রুটে বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করেন। রবিবারেও যাত্রী সুবিধার কথা মাথায় রেখে মেট্রোর সময়ের ব্যবধান কম রাখা হয়। সকালে প্রায় ১৫ মিনিট অন্তর এবং সন্ধ্যার পর প্রায় ১০ মিনিট অন্তর মেট্রো পরিষেবা মেলে।
তাই আগামী রবিবার টালিগঞ্জের পরের অংশে যাতায়াত করতে হলে যাত্রীদের আগে থেকেই বিকল্প পরিবহণের কথা মাথায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষত পুজোর মুখে ছুটির দিনে যাঁরা কেনাকাটা বা অন্য কাজে বেরোবেন, তাঁদের জন্য এই পরিষেবা-বিভ্রাট বাড়তি ভোগান্তির কারণ হতে পারে।
Hindustan TV Bangla Bengali News Portal