Breaking News

বইয়ের স্টলে হামলার প্রতিবাদে পথে নাগরিক সমাজ, কলেজ স্কোয়ার থেকে শিল্পী-বুদ্ধিজীবীদের অভিনব ‘বই মিছিল’!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দুর্গাপুজোর সময় বামপন্থীদের বইয়ের স্টলে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে এবার কলকাতার রাস্তায় অভিনব পদযাত্রার আয়োজন করল নাগরিক সমাজ। শনিবার বিকেলে কলেজ স্কোয়ার থেকে শুরু হয় এই প্রতিবাদ মিছিল। রাজনৈতিক স্লোগান বা দলীয় পতাকার বদলে প্রতিবাদীদের হাতে ছিল বিভিন্ন বই। বই ও সংস্কৃতির উপর আক্রমণের বিরুদ্ধে সরব হতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকেরা। এই পদযাত্রায় সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। বিশিষ্ট শিল্পী, অধ্যাপক ও বুদ্ধিজীবীদের আহ্বানে আয়োজিত এই মিছিলে উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী ও বিকাশরঞ্জন ভট্টাচার্যের মতো প্রবীণ বাম নেতারাও। প্রচলিত রাজনৈতিক মিছিলের ধরন থেকে বেরিয়ে এসে বইকে প্রতিবাদের মাধ্যম হিসেবে তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
মিছিলে কারও হাতে ছিল বইয়ের প্রচ্ছদ, কারও হাতে মনীষীদের ছবি ও নানা ধরনের প্ল্যাকার্ড। বিভিন্ন বয়সের বইপ্রেমী মানুষকে এই পদযাত্রায় শামিল হতে দেখা যায়। মিছিলের পথে প্রতিবাদের ভাষা হয়ে ওঠে গান, কবিতা পাঠ এবং সাংস্কৃতিক পরিবেশনা। শিক্ষাবিদ পবিত্র সরকার, প্রাক্তন আমলা ও সাংসদ জহর সরকার, বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায় এবং অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা এই উদ্যোগের আহ্বান জানিয়েছিলেন।মিছিলে অংশ নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, বইপ্রেমী ও সংস্কৃতিমনস্ক মানুষের একজোট হয়ে এমন উদ্যোগ নেওয়া প্রশংসনীয়। তাঁর মতে, চেনা রাজনৈতিক স্লোগান বা চিৎকারের পরিবর্তে গান, কবিতা ও শিল্পের মাধ্যমে প্রতিবাদের এই ধরন বিশেষ তাৎপর্যপূর্ণ।
এদিকে, বইয়ের স্টলে হামলার প্রতিবাদকে আরও ছড়িয়ে দিতে পাড়ায় পাড়ায় ভ্রাম্যমাণ ‘বইয়ের হাট’ ও বইয়ের বিপণি চালুর উদ্যোগ নিয়েছে সিপিএম নেতৃত্ব। শুধু একটি মিছিলেই সীমাবদ্ধ না থেকে বই ও পাঠাভ্যাসকে মানুষের আরও কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে|উল্লেখ্য, বামপন্থীদের বইয়ের স্টলে হামলার ঘটনা নিয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বইয়ের বিরোধিতা না করার কথা জানালেও দুর্গাপুজোর বিভিন্ন আচার-অনুষ্ঠান ও সনাতনী হিন্দু পরম্পরার বিরোধিতা করে পুজোমণ্ডপের সামনে বইয়ের স্টল খোলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর সেই মন্তব্য ঘিরেও রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *