প্রসেনজিৎ ধর, কলকাতা :- মাধ্যমিকের ফলপ্রকাশ আরও দ্রুত ও মূল্যায়ন পদ্ধতি স্বচ্ছ করতে নতুন উদ্যোগ নিতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার্থীদের উত্তরপত্র দেখার পদ্ধতিতে একাধিক পরিবর্তনের ভাবনাচিন্তা চলছে। পর্ষদের লক্ষ্য, পরীক্ষার ফল প্রকাশের জন্য অপেক্ষার সময় কমিয়ে আনা, যাতে নির্ধারিত সময়ের আগেই একাদশ শ্রেণির পঠনপাঠন শুরু করা যায়।
পর্ষদ সূত্রে খবর, উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব বণ্টনেও পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। প্রবীণ শিক্ষকদের তুলনায় নবীন শিক্ষকদের বেশি সংখ্যায় খাতা দেখার দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। এর ফলে একজন পরীক্ষককে আগের তুলনায় বেশি সংখ্যক উত্তরপত্র মূল্যায়ন করতে হতে পারে। তবে দ্রুত মূল্যায়ন করতে গিয়ে খাতা দেখার মানের সঙ্গে কোনও আপস করতে রাজি নয় পর্ষদ। সেই কারণে নবীন শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এদিকে, উত্তরপত্র মূল্যায়নে ভুলত্রুটি ও গাফিলতি এড়াতে রিভিউয়ের নিয়মেও কড়াকড়ি আনার ভাবনা রয়েছে। পর্ষদ সূত্রের খবর, কোনও পরীক্ষার্থীর উত্তরপত্র পুনর্মূল্যায়নের পর নম্বর ১০ বা তার বেশি বাড়লে সংশ্লিষ্ট পরীক্ষক ও প্রধান পরীক্ষককে ডেকে ব্যাখ্যা চাওয়া হতে পারে। প্রয়োজন অনুযায়ী তাঁদের সতর্কও করা হতে পারে। এর মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়ায় আরও বেশি সতর্কতা ও জবাবদিহি নিশ্চিত করতে চাইছে পর্ষদ।পর্ষদের এই উদ্যোগকে স্বাগত জানালেও শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা সতর্ক করে দিয়েছেন, নতুন নিয়ম কার্যকর করার সময় শিক্ষকদের উপর যেন অতিরিক্ত মানসিক চাপ তৈরি না হয়। পর্ষদ সভাপতি লালু দাস জানিয়েছেন, পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি দায়বদ্ধতা বজায় রেখে দ্রুত, স্বচ্ছ এবং নির্ভুলভাবে ফলপ্রকাশের কাজ সম্পন্ন করাই পর্ষদের লক্ষ্য।
Hindustan TV Bangla Bengali News Portal