প্রসেনজিৎ ধর, কলকাতা :-কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আপাতত পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে তাঁকে স্বীকৃতি দেওয়া যাচ্ছে না। বিরোধী দলনেতা পদে তাঁর নিয়োগকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় ঋতব্রতর আর্জি খারিজ করে দিল আদালত। একই সঙ্গে বিধায়ক আখরুজ্জামানকে মুখ্য সচেতক পদে নিয়োগের সিদ্ধান্তও আপাতত খারিজ করা হয়েছে।
শুক্রবার মামলার রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্টের বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, গোটা বিষয়টি নতুন করে বিবেচনা করতে হবে বিধানসভার স্পিকার রথীন্দ্র বোসকে। আগামী ১০ দিনের মধ্যে যুক্তিসম্মত কারণ উল্লেখ করে নতুন নির্দেশ জারি করার কথাও বলা হয়েছে। অর্থাৎ, বিরোধী দলনেতা পদে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্তের আইনি বৈধতা নিয়ে ফের পর্যালোচনা করতে হবে স্পিকারকে।
উল্লেখ্য, বিরোধী দলনেতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের মনোনীত প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের পরিবর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছিল। সেই সিদ্ধান্তের বৈধতা নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারী। মামলার শুনানিতে নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তের আইনি দিক খতিয়ে দেখে আদালত পুনর্বিবেচনার নির্দেশ দেয়।এই মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আগেই কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশের পর মামলাটির শুনানি শুরু হয়। শুক্রবার রায় ঘোষণা করে হাইকোর্ট। ফলে আগামী ১০ দিনের মধ্যে স্পিকারের নতুন নির্দেশের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
Hindustan TV Bangla Bengali News Portal