Breaking News

২ জানুয়ারি স্কুল খুলতেই পড়ুয়াদের হাতে নতুন পাঠ্যবই! হাজিরায় কারচুপি রুখতে শিক্ষক-ছাত্রদের জন্য চালু হচ্ছে ফেস রিকগনিশন ব্যবস্থা

প্রসেনজিৎ ধর, কলকাতা :-নতুন শিক্ষাবর্ষের শুরুতেই পড়ুয়াদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। আগামী ২ জানুয়ারি স্কুল খোলার প্রথম দিনেই ছাত্রছাত্রীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে বলে জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ। শুধু পাঠ্যবই নয়, স্কুলের পঠনপাঠন ও প্রশাসনিক ব্যবস্থাতেও একাধিক পরিবর্তনের পথে হাঁটছে শিক্ষা দফতর। পড়ুয়া ও শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে এ বার রাজ্যের স্কুলগুলিতে চালু হতে চলেছে অত্যাধুনিক বায়োমেট্রিক ফেস রিকগনিশন বা মুখমণ্ডল শনাক্তকরণ হাজিরা ব্যবস্থা। এর মাধ্যমে স্কুলে কারা নিয়মিত আসছেন, তার তথ্য সরাসরি পৌঁছে যাবে শিক্ষা দফতরের কাছেও।
পাঠ্যবইয়ের নাম পরিবর্তন নিয়েও এ দিন মুখ খোলেন শিক্ষামন্ত্রী। তাঁর বক্তব্য, পড়ুয়াদের কাছে বইগুলিকে আরও আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত একাধিক পাঠ্যবইয়ের নাম বদল করা হয়েছে। তবে ঠিক কতগুলি বইয়ের নাম পরিবর্তন হয়েছে, তা খতিয়ে দেখে জানাতে হবে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রীর দাবি, সিলেবাস কমিটিই বইগুলির নতুন নাম চূড়ান্ত করেছে। এই সিদ্ধান্তের পিছনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিংবা শিক্ষামন্ত্রী হিসেবে তাঁর ব্যক্তিগত কোনও ভূমিকা ছিল না।এ দিকে, স্কুলে পড়ুয়াদের অনুপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ উঠছে। সেই সমস্যা মোকাবিলায় মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তির সাহায্যে হাজিরা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রীর কথায়, অনেক পড়ুয়াই নিয়মিত স্কুলে আসছে না। অথচ শিক্ষক-শিক্ষিকার সঙ্গে সরাসরি যোগাযোগ ও পঠনপাঠনের পরিবেশে থাকা একজন পড়ুয়ার শিক্ষাজীবনের জন্য অত্যন্ত জরুরি। স্কুলে অনুপস্থিত থাকলে স্বাভাবিকভাবেই পড়াশোনায় পিছিয়ে পড়ার আশঙ্কা থাকে।
শিক্ষকদের সমস্যার দিকটিও তুলে ধরেছেন মন্ত্রী। তাঁর বক্তব্য, বোর্ডের পরীক্ষা কিংবা বিভিন্ন স্কলারশিপের ক্ষেত্রে পড়ুয়াদের ন্যূনতম উপস্থিতির নির্দিষ্ট নিয়ম রয়েছে। কিন্তু অনেক সময় দীর্ঘদিন স্কুলে না এলেও পরীক্ষায় বসার সুযোগ হারানোর আশঙ্কায় সংশ্লিষ্ট পড়ুয়াকে খাতায়-কলমে উপস্থিত দেখাতে বাধ্য হন শিক্ষকরা। নিজেও শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকাকালীন এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছেন দীপক বর্মণ। তাঁর মতে, নতুন প্রযুক্তি চালু হলে হাজিরা নিয়ে শিক্ষকদের আর এই ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হবে না।প্রস্তাবিত ব্যবস্থায় স্কুলে পড়ুয়া ও শিক্ষকদের উপস্থিতির তথ্য শুধু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। সরাসরি স্কুল শিক্ষা দফতরের কাছেও সেই তথ্য পৌঁছে যাবে। ফলে প্রয়োজন অনুযায়ী দফতরও উপস্থিতির হিসাব যাচাই করতে পারবে। রাজ্যের প্রায় দেড় থেকে দু’কোটি পড়ুয়া এবং চার থেকে পাঁচ লক্ষ শিক্ষককে এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে মোবাইল অ্যাপের মাধ্যমেই মুখমণ্ডল শনাক্ত করে হাজিরা নেওয়া হবে। খুব শীঘ্রই পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালু করার পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে প্রায় ১৫০টি স্কুলকে এর আওতায় আনা হতে পারে।
শিক্ষামন্ত্রীর মতে, অনেক ক্ষেত্রে বছর শেষে কোনও পড়ুয়ার উপস্থিতি কম থাকার বিষয়টি সামনে আসে। তখন তাকে পরীক্ষায় বসতে না দেওয়ার পরিস্থিতি তৈরি হলে স্কুলে বিক্ষোভ-সহ নানা সমস্যা দেখা দেয়। কিন্তু নতুন ব্যবস্থায় সারা বছরের উপস্থিতির হিসাব নিয়মিতভাবে সংরক্ষিত থাকবে। ফলে কোনও পড়ুয়ার হাজিরা কম থাকলে অনেক আগে থেকেই স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের সতর্ক করা সম্ভব হবে। এতে পড়ুয়াদের স্কুলে আসার প্রবণতা বাড়বে এবং পরীক্ষার আগে শেষ মুহূর্তের জটিলতাও অনেকটাই এড়ানো যাবে বলে আশা শিক্ষা দফতরের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *