Breaking News

কলকাতা মেডিক্যালে তাণ্ডবের নেপথ্যে কারা? ১৭ নভেম্বরের অশান্তির ঘটনায় ৩ ইন্টার্নকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ পুলিশের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-১৭ নভেম্বরের রাতে কলকাতা মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া অশান্তির ঘটনায় এ বার পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে তিন ইন্টার্ন। আট ইন্টার্নকে শোকজ করার প্রতিবাদকে কেন্দ্র করে সে দিন উত্তপ্ত হয়ে উঠেছিল হাসপাতাল চত্বর। ভাঙচুর, হামলা এবং অধ্যক্ষ-সহ শিক্ষক চিকিৎসকদের হেনস্থার অভিযোগ ঘিরে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। ঘটনার পরেই সরব হন স্বাস্থ্যমন্ত্রী। বিক্ষোভের পিছনে ‘মানসিক মাওবাদী’ ও নকশালপন্থীদের যোগ রয়েছে বলে অভিযোগ তুলে তদন্ত কমিটিও গঠন করে স্বাস্থ্যভবন। সেই ঘটনার তদন্তেই বৃহস্পতিবার তিন ইন্টার্নকে বউবাজার থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। অন্যদিকে, পুলিশের এই পদক্ষেপের দিনেই পালটা প্রতিবাদে থানায় ডেপুটেশন জমা দিলেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বউবাজার থানায় প্রায় আধঘণ্টা ধরে ওই তিন ইন্টার্নকে জিজ্ঞাসাবাদ করা হয়। ১৭ নভেম্বর রাতে মেডিক্যাল কলেজের ভিতরে ঠিক কী ঘটেছিল, অশান্তির সূত্রপাত কীভাবে এবং সেই সময় ক্যাম্পাসে কারা উপস্থিত ছিলেন, তা জানার চেষ্টা করেন তদন্তকারীরা। ঘটনার পিছনে কারা জড়িত, সে সম্পর্কেও তাঁদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে বলে খবর।জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিন ইন্টার্নের দাবি, সে দিন রাতে হাসপাতালে তাণ্ডব চালিয়েছিলেন এবিভিপির সদস্যরা। অথচ তাঁদের বিরুদ্ধে কোনও তদন্ত হয়নি বলে অভিযোগ করেন তাঁরা। ইন্টার্নদের বক্তব্য, “সেদিন রাতে এবিভিপির সদস্যরা হাসপাতালে তাণ্ডব চালিয়েছে। তাদের একজনের বিরুদ্ধেও তদন্ত হয়নি। আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক।” পাশাপাশি, যে আট জন ইন্টার্নকে শোকজ করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তাঁরা।
এ দিকে, বৃহস্পতিবারই পালটা পথে নামেন জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের একাংশ। মেডিক্যাল কলেজে ভাঙচুর এবং পড়ুয়া-ইন্টার্নদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে বউবাজার থানায় ডেপুটেশন জমা দিতে যান তাঁরা। যদিও ওই মিছিলের জন্য পুলিশের অনুমতি ছিল না বলে জানা গিয়েছে। প্রতিবাদী চিকিৎসকদের অভিযোগ, ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনও হামলাকারীকে গ্রেপ্তার করা হয়নি। অথচ উল্টে তিন ইন্টার্নকে শোকজ করা হয়েছে। প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তাঁরা।বৃহস্পতিবার বউবাজার থানার ওসির হাতে জমা দেওয়া ডেপুটেশনে কলকাতা মেডিক্যাল কলেজে ভাঙচুরের ঘটনাকে বর্বরোচিত বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে পড়ুয়া ও ইন্টার্নদের উপর হামলার তীব্র নিন্দা জানানো হয়। ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের চিহ্নিতকরণ এবং দোষীদের শাস্তির দাবিতে সরব হন চিকিৎসকরা। সব মিলিয়ে ১৭ নভেম্বরের মেডিক্যাল কলেজের অশান্তির ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। একদিকে পুলিশের জিজ্ঞাসাবাদ, অন্যদিকে চিকিৎসকদের পালটা প্রতিবাদ—দুইয়ে মিলে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে নজর এখন সকলের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *