দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। একাধিকবার সূচি পরিবর্তনের পর অবশেষে সংশোধিত খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন জানানো হল। কমিশনের নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর প্রকাশিত হবে সংশোধিত খসড়া ভোটার তালিকা। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি।
উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার পর রাজ্যে বিশেষ সংক্ষিপ্ত সংশোধনের কাজ শুরু হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী, প্রথমে ২৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য করা হয়েছিল। কিন্তু ‘অনিবার্য পরিস্থিতি’র কথা জানিয়ে সেই প্রক্রিয়া স্থগিত করে দেয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এর ফলে কবে খসড়া তালিকা প্রকাশিত হবে, তা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। অবশেষে নতুন সূচি প্রকাশ করল কমিশন।
নতুন নির্ঘণ্ট অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বরের মধ্যে ভোটকেন্দ্রগুলির আসন পুনর্বিন্যাসের কাজ শেষ করতে হবে। ১৫ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত ভোটাররা নিজেদের নাম বা অন্যান্য তথ্য সংক্রান্ত দাবি ও আপত্তি জানাতে পারবেন। সেই সমস্ত দাবি ও আপত্তির নিষ্পত্তির শেষ সময়সীমা ধার্য করা হয়েছে ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি। এরপর ৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।কমিশনের তরফে জানানো হয়েছে, খসড়া ভোটার তালিকায় নাম, ঠিকানা কিংবা অন্য কোনও তথ্যে ভুল থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধনের আবেদন জানাতে পারবেন সংশ্লিষ্ট ভোটারেরা। ফলে খসড়া তালিকা প্রকাশের পর নিজের নাম ও অন্যান্য তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়ার সুযোগ থাকছে।
এদিকে, ভোটার তালিকায় তথ্যগত অসঙ্গতি দূর করতে বিএলওদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। যাঁদের তথ্যের মধ্যে অমিল পাওয়া গিয়েছে, তাঁদের বাড়িতে গিয়ে বুথস্তরের আধিকারিকদের তথ্য যাচাই করতে হবে। নাম, বাবা-মায়ের নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, ছবি-সহ ভোটার কার্ডের সমস্ত তথ্য খতিয়ে দেখে প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা করতে হবে।
কমিশনের বক্তব্য, আধার বা প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথিতে ভুল থাকলে তা সংশোধন করা প্রয়োজন হয়। অথচ ভোটার কার্ডে অনেক সময় ভুল তথ্য থেকে যায়। সেই পরিস্থিতি এড়াতেই এই উদ্যোগ। তবে শুধুমাত্র স্বয়ংক্রিয় শনাক্তকরণ বা ‘অটোমেটেড আইডেন্টিফিকেশন’-এর ভিত্তিতে ভোটার তালিকায় কোনও পরিবর্তন করা যাবে না। সংশ্লিষ্ট ভোটারের স্বাক্ষর এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পরেই তথ্য সংশোধন করা সম্ভব হবে।
Hindustan TV Bangla Bengali News Portal