প্রসেনজিৎ ধর, কলকাতা :-কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদলের প্রস্তাব ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। তালিকায় রয়েছে লেনিন সরণি, বিশ্ব বাংলা সরণি এবং স্ট্র্যান্ড রোডের মতো পরিচিত রাস্তা। শুধু শহরের রাস্তাঘাট নয়, কলকাতা মেট্রোর কয়েকটি স্টেশনের নাম পরিবর্তনের বিষয়েও উদ্যোগী হয়েছে রাজ্য সরকার গঠিত নামকরণ কমিটি। এ বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকার রাস্তা ও জায়গার নামকরণ এবং পরিবর্তনের জন্য প্রায় দু’মাস আগে একটি কমিটি গঠন করেছিল রাজ্য সরকার। স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের নেতৃত্বে শুক্রবার কলকাতা পুরসভায় বৈঠকে বসেন কমিটির সদস্যরা। সেখানে কলকাতা ও সংলগ্ন এলাকার একাধিক রাস্তার নাম পরিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি উঠে আসে বেশ কিছু নতুন নামের প্রস্তাব।
কমিটির বৈঠকে বিশ্ব বাংলা সরণি, লেনিন সরণি এবং স্ট্র্যান্ড রোডের নাম পরিবর্তনের বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়েছে। ইতিমধ্যেই এই রাস্তার নাম বদল নিয়ে একাধিক প্রস্তাব জমা পড়েছে। তার মধ্যে বিশ্ব বাংলা সরণির নতুন নাম ‘সত্যেন বোস সরণি’ করার প্রস্তাব রয়েছে। অন্যদিকে, স্ট্র্যান্ড রোডের নাম পরিবর্তন করে ‘সম্রাট শশাঙ্ক সরণি’ করার বিষয়েও আলোচনা অনেকটাই এগিয়েছে। লেনিন সরণির নাম পরিবর্তন প্রসঙ্গে কমিটির অন্যতম সদস্য তথাগত রায় বলেন, “লেনিনের সৃষ্ট যে রাষ্ট্র, সেটাই তো নেই। অতএব কাউকে কোনও দুঃখ দেওয়ার কোনও প্রশ্ন নেই।” পাশাপাশি হো চি মিন সরণির নাম পরিবর্তন নিয়েও চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন তিনি।
বৈঠক শেষে কমিটির প্রধান কার্তিক মহারাজ জানান, আরও ২৪টি রাস্তার নাম পরিবর্তন বা নতুন নামকরণের প্রস্তাব এসেছে। সেগুলি খতিয়ে দেখে আলোচনা ও সর্বসম্মতির ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।এদিকে, কলকাতা মেট্রোর কয়েকটি স্টেশনের নাম পরিবর্তনের বিষয়টিও কমিটির আলোচনায় উঠে এসেছে। কমিটির মতে, কিছু স্টেশনের নাম নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তাই সংশ্লিষ্ট এলাকার পরিচিত নাম অনুসারে স্টেশনগুলির নতুন নামকরণের প্রস্তাব দেওয়া হবে। সেই উদ্দেশ্যে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানোর পরিকল্পনা রয়েছে।
তবে স্টেশনের নামকরণে মেট্রো কর্তৃপক্ষের সরাসরি কোনও ভূমিকা নেই বলেই জানানো হয়েছে। তাঁদের বক্তব্য, রাজ্য সরকারের তরফে নামের প্রস্তাব পাঠানো হয়। এরপর সেই প্রস্তাব নিয়ে রেল বোর্ড রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এদিনের বৈঠক সম্পর্কে মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক পূর্ণচন্দ্র দাস বলেন, “আমাদের কাছে এখনও এই বিষয়ে কোনও খবর নেই।”
Hindustan TV Bangla Bengali News Portal