Breaking News

১৬টি রাজ্য সড়ককে জাতীয় সড়কে উন্নীত করার উদ্যোগ! গড়করির আশ্বাসের পর প্রধানমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-নবান্নে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে বৈঠকে রাজ্যের সড়ক পরিকাঠামোর উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের সমস্ত সড়কের রক্ষণাবেক্ষণ ও দেখভালের দায়িত্ব জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দেন তিনি। জবাবে গড়করি জানান, বিষয়টি বর্তমানে স্থগিত রয়েছে। তবে রাজ্য সরকার নতুন করে আবেদন জানালে তা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে আটকে থাকা রাজ্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পে কেন্দ্রের তরফে সহযোগিতা ও অর্থ বরাদ্দের আশ্বাস মিলেছে। পাশাপাশি, রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক করতে কেন্দ্রের কাছ থেকে প্রায় ১০ হাজার বৈদ্যুতিক যান পাওয়ার সম্ভাবনার কথাও জানান তিনি।
জাতীয় সড়ক নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং সড়ক নিরাপত্তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, গত ছয় মাসে জাতীয় সড়ক প্রকল্পের ক্ষেত্রে জমি অধিগ্রহণ সংক্রান্ত যে সমস্ত সমস্যা ছিল, সেগুলি মেটানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ফলে একাধিক প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পথ প্রশস্ত হয়েছে। বৈঠকে জাতীয় সড়কের কয়েকটি বেহাল অংশের বিষয়ও কেন্দ্রীয় মন্ত্রীর নজরে আনেন শুভেন্দু। সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি ও ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতেই সমস্যাগুলি সমাধানের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করেন গড়করি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।বিশেষ করে ডালখোলা থেকে ইসলামপুর, ভাবতা, বেলডাঙা, পলাশী, ছোট জাগুলিয়া এবং বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশের রাস্তা মেরামতি ও সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট রাস্তাগুলির উন্নয়নের পাশাপাশি যান চলাচল আরও মসৃণ করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। জাতীয় সড়ক প্রকল্পগুলির কাজ যাতে আর দীর্ঘদিন আটকে না থাকে, তার জন্য নির্দিষ্ট রোডম্যাপ তৈরির কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই পরিকল্পনা অনুযায়ী, প্রতি মাসে রাজ্যের মুখ্যসচিব এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রজেক্ট ডিরেক্টরদের নিয়ে পর্যালোচনা বৈঠক হবে। প্রতি দু’মাস অন্তর মুখ্যমন্ত্রী নিজে রাজ্য ও কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের সঙ্গে প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখবেন। অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি প্রতি ছ’মাস অন্তর পশ্চিমবঙ্গে এসে একটি করে প্রকল্পের অনুষ্ঠানে যোগ দেবেন বলেও জানিয়েছেন শুভেন্দু।
রাজ্যের আরও বেশি সংখ্যক সড়ককে জাতীয় সড়কের আওতায় আনার বিষয়েও উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। এ জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে তাঁর হস্তক্ষেপের আবেদন জানাবেন বলে জানিয়েছেন তিনি। শুভেন্দুর বক্তব্য, রাজ্যের গুরুত্বপূর্ণ সড়কগুলি জাতীয় সড়ক হিসেবে উন্নীত হলে পরিকাঠামো উন্নয়নের জন্য অর্থের জোগান বাড়বে। ফলে রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ আরও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।কলকাতার যানজট সমস্যা মেটাতেও বৈঠকে একাধিক প্রস্তাব উঠে এসেছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নতুন উড়ালপুল নির্মাণের পাশাপাশি মাল্টি-লেয়ার বা বহুতল সড়ক তৈরির পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। গড়করি এই বিষয়ে কয়েকটি প্রস্তাব দিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। সেগুলির বাস্তবতা যাচাই করতে রাজ্য সরকারের তরফে দ্রুত সমীক্ষা শুরু করা হবে।
বৈঠকে রাজ্যের পূর্ত দফতরের অধীনে থাকা জাতীয় সড়কগুলির দায়িত্ব হস্তান্তরের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। গত অগস্ট মাসে পূর্তমন্ত্রী অজয় পোদ্দারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দিল্লিতে গিয়ে এই সংক্রান্ত দাবি জানিয়েছিল। রাজ্যের পূর্ত দফতরের হাতে থাকা প্রায় ৪৫০৫ কিলোমিটার হাইওয়ে নেটওয়ার্কের মধ্যে প্রায় ১৫০০ কিলোমিটার রাস্তা জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। বৃহস্পতিবারের বৈঠকে সেই বিষয়টি ফের আলোচনায় আসে।
এ ছাড়াও রাজ্যের পূর্ত দফতরের অধীন সাতটি জাতীয় সড়কের দায়িত্ব জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, এনএইচএআইয়ের দায়িত্বে যেতে পারে এনএইচ-৩১২-এর জঙ্গিপুর, ওমরপুর, কৃষ্ণনগর, বনগাঁ, বসিরহাট হয়ে ঘোজাডাঙা পর্যন্ত প্রায় ৩২৯.৬ কিলোমিটার রাস্তা। পাশাপাশি বিহার-পশ্চিমবঙ্গ সীমান্ত থেকে গাজোল পর্যন্ত এনএইচ-৩১ এবং ফারাক্কা পর্যন্ত এনএইচ-৩৩-এর দায়িত্বও তাদের হাতে দেওয়ার প্রস্তাব রয়েছে।অন্যদিকে, এনএইচআইডিসিএলের দায়িত্বে দেওয়ার প্রস্তাব রয়েছে সেবক, করোনেশন ব্রিজ, কালিম্পং হয়ে সিকিম সীমান্ত পর্যন্ত নতুন এনএইচ-১০, হাসিমারা-জয়গাঁও, বড়দিঘি-ময়নাগুড়ি-চ্যাংরাবান্ধা এবং শিলিগুড়ি-কার্শিয়াং-দার্জিলিং সড়কের। পাশাপাশি আরও ১৬টি রাজ্য সড়ককে জাতীয় সড়কে উন্নীত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। রাজ্যের তরফে জমা দেওয়া প্রস্তাবগুলি দ্রুত বিবেচনা করার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তবে এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন হওয়ায় তাঁকে চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *