Breaking News

উৎসবের মরসুম শেষ হতেই ফের বাংলায় অমিত শাহ! ৩০ নভেম্বর কলকাতায় ‘শাহি’ সফর, জাতীয় গ্রন্থাগারে সংবিধান গৌরব কর্মসূচিতে যোগ

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- উৎসবের মরসুম শেষ হতেই ফের পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ৩০ নভেম্বর কলকাতায় তাঁর আসার কথা রয়েছে। বিজেপির ‘সংবিধান গৌরব’ কর্মসূচিতে যোগ দিতেই শহরে আসছেন তিনি। দুর্গাপুজোর সময় দু’দিনের সফরে কলকাতায় এসেছিলেন শাহ। তার পর থেকে রাজ্যে একের পর এক উৎসব ঘিরে ব্যস্ততা ছিল। সেই পর্ব কাটতেই প্রায় দেড় মাসের ব্যবধানে ফের বাংলায় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, ১৯৫০ সালের ২৬ নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। সেই দিনটিকে স্মরণ করেই প্রতি বছর দেশজুড়ে সংবিধান দিবস পালন করা হয়। সরকারি অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মতো করে দিনটি উদ্‌যাপন করে। এ বছর বিজেপির উদ্যোগে এক সপ্তাহব্যাপী ‘সংবিধান গৌরব’ কর্মসূচি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকেই পশ্চিমবঙ্গে এই কর্মসূচির সূচনা হয়েছে। সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য-সহ দলের একাধিক নেতা।বিজেপি সূত্রে খবর, আগামী ৩০ নভেম্বর কলকাতায় আয়োজিত এই কর্মসূচির অন্যতম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অমিত শাহ। যদিও এখনও পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে রাজ্য সরকার কিংবা রাজ্য বিজেপির তরফে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে দলীয় সূত্রের দাবি, দিল্লি থেকে ইতিমধ্যেই সফর সংক্রান্ত বার্তা এসে পৌঁছেছে। কলকাতায় জাতীয় গ্রন্থাগারে ‘সংবিধান গৌরব’ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠান শেষ করে ওই দিনই দিল্লি ফিরে যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
অন্যদিকে, আগামী ২৯ নভেম্বর ওড়িশার ভুবনেশ্বরে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সেই বৈঠকে সভাপতিত্ব করবেন অমিত শাহ। বৈঠকে পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড ও বিহারের মুখ্যমন্ত্রীদের উপস্থিত থাকার কথা। প্রশাসনিক সূত্রে গুরুত্বপূর্ণ এই বৈঠক শেষ করে ওড়িশা থেকেই শাহের কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে, নভেম্বরের শেষেই ফের বাংলার রাজনৈতিক ময়দানে অমিত শাহের উপস্থিতি ঘিরে বিজেপি শিবিরে প্রস্তুতি শুরু হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *