প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের পর আনন্দপুরে ভস্মীভূত গোডাউনের ধ্বংসস্তূপ সরাতেই একের পর বেরিয়ে আসছে দেহের টুকরো৷ অগ্নিকাণ্ডেরস্থল থেকে শুক্রবার আরও দু’জনের দেহাংশ উদ্ধার করা হয়েছে৷ সূত্রের খবর, ইতিমধ্যেই ময়নাতদন্ত ও ফরেন্সিক এবং ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে উদ্ধারকৃত দেহাংশ৷ এখনও পর্যন্ত এই নিয়ে মোট ২৭ জনের দেহাংশ উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে বলেই জানা গিয়েছে|শুক্রবার বারুইপুর পুলিশ জেলার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আনন্দপুরে ২৭ জনের নামে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। উদ্ধার হয়েছে ২১টি দেহাংশ। তবে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা কত, তা বলা যাচ্ছে না। নিহতদের শনাক্ত করতে দেহাংশগুলি ফরেনসিক পরীক্ষার জন্য কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (সিএফএসএল)-তে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার পরে নিহতদের সঠিক পরিচয় নির্ধারণ করা যাবে। বারুইপুর পুলিশ জেলার সুপার নিজেও সিএফএসএল-এ গিয়েছিলেন, যাতে যত দ্রুত সম্ভব পরীক্ষাগুলি করানো যায়। অন্য দিকে, শুক্রবারও ঘটনাস্থল খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে আরও কোনও দেহাংশ পাওয়া যায় কি না। শুক্রবার বেলা সাড়ে ১২টা নাগাদ ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। আনন্দপুরের পুড়ে যাওয়া দুই গুদাম ঘুরে বর্তমান পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। বেরিয়ে রাজ্যপাল বোস বলেন, ‘‘দোষ খুঁজতে নয়, তথ্য অনুসন্ধানে এসেছি। তবে প্রশাসনকে আরও বেশি সতর্ক হতে হত। ঘটনার পর এভাবে দায় এড়ানো যায় না।’’ পাশাপাশি, শুক্রবার সকালে ফের এলাকায় গিয়েছে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন তাঁরা।
Hindustan TV Bangla Bengali News Portal