প্রসেনজিৎ ধর, কলকাতা :- সবেবরাতের রাতে আতশবাজি নিয়ন্ত্রণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট | আজ সোমবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে এ সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানেই আদালতের স্পষ্ট নির্দেশ, সবেবরাতের রাত ১০ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত কোনও আতশ বাজি ফাটানো যাবে না। আতশবাজি ব্যবহার করা যাবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়ম মেনেই। এর অন্যথা হলে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে পারবে বলেও নির্দেশে জানিয়েছে কলকাতা হাই কোর্ট।কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ সোমবার নির্দেশ দিয়ে বলে, ‘‘অনুমতি নেই এবং পরিবেশের পক্ষে ক্ষতিকর এমন কোনও বাজি শবে বরাতের সময় পোড়ানো যাবে না।’’ এই বিষয়টি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পুলিশকে নিশ্চিত করতে হবে। উৎসবের সময় মামলাকারী এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও পুলিশকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।হাই কোর্টের এই নির্দেশের পরে কী পদক্ষেপ করা হয়েছে, তা নিয়ে একটি রিপোর্ট দিতে হবে আদালত। পরবর্তী শুনানির আগেই সেই রিপোর্ট দাখিল করতে হবে। এপ্রিল মাসে এই মামলার পরের শুনানি রয়েছে। বুধবার সবে বরাতের জন্য রাজ্যে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। আবেদনকারী হাইকোর্টে পিটিশন দিয়ে জানান, ওই দিন কোনও বেআইনি বাজি যাতে না পোড়ানো হয়, তা নিশ্চিত করা হোক। বাজি পোড়ানোর সময়সীমাও বেঁধে দেওয়ার জন্য আবেদন জানান তিনি। সেই মামলা নিয়েই সোমবার নির্দেশ দিল হাইকোর্ট।
Hindustan TV Bangla Bengali News Portal