দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বরাদ্দ অর্থ বৃদ্ধি করল রাজ্য সরকার। আরও ৫০০ টাকা করে বাড়িয়ে দেওয়া হল মাসিক ভাতার পরিমাণ। বৃহস্পতিবার রাজ্য বাজেটে এই প্রস্তাব পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।প্রথমে ৫০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হত। পরে সেই টাকার অঙ্ক বাড়িয়ে ১০০০ টাকা করা হয়। আর এবার সেই পরিমাণ আরও ৫০০ টাকা করে বাড়ানো হল। অর্থাৎ ১৫০০ টাকা করে পাবেন মহিলারা।২০২৬-এর ফেব্রুয়ারি অর্থাৎ চলতি মাস থেকেই লক্ষ্মীর ভান্ডারের অঙ্ক বাড়ছে। জেনারেল ক্যাটাগরির মহিলারা এখন পান ১০০০ টাকা করে। সেটা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা। এসসি বা তফশিলি জাতি, এসটি অর্থাৎ তফশিলি উপজাতির মহিলারা পান ১২০০ টাকা করে। এবার সেটা বেড়ে হল ১৭০০ টাকা করে।চলতি মাসেই বাড়তি টাকা হাতে পাবেন মহিলারা। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বর্ধিত বরাদ্দ। লক্ষ্মীবারে বাড়তি লক্ষ্মীলাভের ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি মহিলারা।গত ২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের কথা ভেবে চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বর্তমানে এই প্রকল্পের জনপ্রিয়তা আকাশছোঁয়া। এমনকী মুখ্যমন্ত্রীর দেখানো পথে হেঁটেছে দেশের একাধিক রাজ্যও। কারণ, এই অর্থ সাধারণ গৃহবধূদের আর্থিক স্বাচ্ছন্দ্য এনেছে। এই প্রকল্পের আওতায় চলতি অর্থবর্ষে নতুন করে ২০ লক্ষ ৬২ হাজার মহিলা যুক্ত হয়েছেন। তার ফলে মোট উপভোক্তার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৪১ লক্ষ।
Hindustan TV Bangla Bengali News Portal