দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সামনেই বিধানসভা নির্বাচন ৷ তার আগে ‘ভোট অন অ্যাকাউন্ট’ অর্থাৎ অন্তর্বর্তী বাজেটে ‘লক্ষ্মী লাভ’ রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের৷ বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি কর্মচারী— সকলের জন্যই একগুচ্ছ জনমুখী প্রকল্পের ঘোষণা চন্দ্রিমা ভট্টাচাৰ্যর | ভোটমুখী বঙ্গের ২০২৬-২৭ সালে আর্থিক বছরের এই অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের ক্ষোভ প্রশমনে সপ্তম বেতন কমিশন গঠন এবং ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকেই বর্ধিত হারে ডিএ পাওয়া যাবে। এর ফলে একধাক্কায় বেশ কিছুটা বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মীদের বেতন। একইসঙ্গে এদিন অন্তর্বর্তী বাজেটে সপ্তম পে কমিশন গঠন করা হবে বলেও ঘোষণা করা হয়েছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ শেষ হওয়ায়, চন্দ্রিমা ভট্টাচার্য সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছেন। এই কমিশন আগামী দিনে কর্মচারীদের বেতন ও কাঠামো পর্যালোচোনা করবে। এর পাশাপাশি, আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে সরকারি কর্মী, শিক্ষক ও পেনশনভোগীদের জন্য আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, স্বাস্থ্য স্কিমে ক্যাশলেস চিকিৎসার ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২ লক্ষ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।বর্তমানে বঙ্গের সরকারী কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ পাচ্ছেন। রাজ্যের ২০২৬-২৭ আর্থিক বছরের এই অন্তর্বর্তী বাজেটে আরও ৪ শতাংশ ডিএ-ডিআর বৃদ্ধির ঘোষণায় তা ১ এপ্রিল ২০২৬ থেকে বেড়ে ২২ শতাংশ হতে চলেছে৷
Hindustan TV Bangla Bengali News Portal