প্রসেনজিৎ ধর, কলকাতা :- বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনে সিপিএমের সঙ্গে আর জোটে যাচ্ছে না কংগ্রেস। বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব ও প্রদেশ নেতৃত্বের বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। দলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এবারের ভোটে কংগ্রেস একাই লড়বে।এআইসিসি-র সদর দফতরে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, এআইসিসি-র সাধারণ সম্পাদক তথা বাংলার পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। বৈঠক শেষে গুলাম আহমেদ মীর আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন, “বঙ্গভোটে এবার কংগ্রেস একাই লড়বে।” জোট না করার পেছনে মূলত নিচুতলার কর্মীদের আবেগ ও দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির যুক্তি দিয়েছে হাইকম্যান্ড। মীরের কথায়, “সিপিএমের সঙ্গে জোট হলে আমাদের দলীয় কর্মী-সমর্থকদের মনোবল ভেঙে যায়। কংগ্রেস কর্মীরা চান দল সব আসনে একা লড়ুক এবং নিজেদের হারানো জমি ফিরে পাক।”বৈঠকে হাজির বেশির ভাগ নেতাই কংগ্রেসের একক ভাবে লড়াইয়ের পক্ষে সওয়াল করেছেন। এআইসিসি সূত্রে খবর, বৈঠকে অধীর বামেদের সঙ্গে কংগ্রেসের জোট কেন প্রয়োজনীয় সেই বিষয়টি তুলে ধরেন। ২০১৬ সালে বামেদের সঙ্গে জোট করে লড়াই করে কংগ্রেস পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান বিরোধী দল হয়েছিল। ২০২১ সালে মেরুকরণের ভোটে বামফ্রন্ট কংগ্রেস উভয় দল শূন্য হয়ে গেলেও, সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস জিতেছিল বামেদের সমর্থন নিয়েই।বৈঠক শেষে গুলাম মীর জানান, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক ও রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তাঁর কথায়, “সকলের সঙ্গে আলোচনা করার পর সিদ্ধান্ত হয়েছে, কংগ্রেস পশ্চিমবঙ্গে একক ভাবেই ২৯৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই লক্ষ্য নিয়েই প্রস্তুতি শুরু হবে।” তিনি আরও বলেন, ‘‘অতীতে জোট রাজনীতির কারণে রাজ্যে কংগ্রেসকর্মীরা হতাশ হয়ে পড়েছিলেন।’’ তাঁর দাবি, বামফ্রন্টের সঙ্গে জোট করে নির্বাচনে লড়াই করার ফলে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের নিজস্ব রাজনৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বার সেই পরিস্থিতি বদলাতেই একক লড়াইয়ের পথে হাঁটছে দল।
Hindustan TV Bangla Bengali News Portal