Breaking News

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে ফের আত্মহত্যার চেষ্টা,অফিস টাইমে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের,ব্যাহত পরিষেবা!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রবীন্দ্র সরোবর স্টেশনে মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক জন। তার ফলে বৃহস্পতিবার বিকেলে ব্লু লাইনে টানা এক ঘণ্টা মেট্রো পরিষেবা ব্যাহত হয়। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ৫টা ৪৭ মিনিট থেকে পরিষেবা স্বাভাবিক হয়েছে। তার আগে পর্যন্ত ভাঙা পথে পরিষেবা চলেছে।মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টে ৪৬ নাগাদ রবীন্দ্র সরোবর স্টেশনে এক যাত্রী রেললাইনে আত্মহত্যার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে ট্র্যাকের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাঁকে উদ্ধার করা হয়। প্রাণে বেঁচে যান ওই যাত্রী। তবে বিদ্যুৎ সংযোগ বন্ধ হওয়ায় ব্লু লাইনে আংশিকভাবে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে ময়দান ও উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আপাতত মেট্রো চলছে। দিনভর অফিসের পর বাড়ি ফেরার পথে ব্যাপক সমস্যায় পড়েছেন যাত্রীরা। পাশাপাশি যাঁরা গন্তব্যে পৌঁছতে পাতালপথ ধরেছেন, বিপাকে পড়েছেন তাঁরাও। শেষমেশ প্রায় একঘণ্টা পর, বিকেল ৫টা ৪৭ নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে মেট্রো সূত্রে খবর।কলকাতা মেট্রোর ব্লু লাইনে প্রায়ই আত্মহত্যার চেষ্টা হয়। অন্যান্য নতুন তৈরি রুটগুলিতে সাবধানতামূলক ব্যবস্থা নেওয়া হলেও সবচেয়ে পুরনো এই রুটে তা করা যায়নি। অন্য রুটে মেট্রোর লাইন পাঁচিল দিয়ে ঢাকা থাকায় সেখানে ঝাঁপ দেওয়া সম্ভব নয়। কিন্তু ব্লু লাইন দীর্ঘ দিন ধরেই কর্তৃপক্ষের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। সপ্তাহের মাঝে কাজের দিনে বৃহস্পতিবারও সেই সমস্যা। বিকেলে যে সময়ে এই ঘটনা ঘটেছে, তখন অনেকেই অফিস থেকে ফিরছিলেন। অফিসফেরত যাত্রীরা ভোগান্তির শিকার হন। স্টেশনে স্টেশনে মেট্রো থামিয়ে রবীন্দ্র সরোবরে আত্মহত্যার চেষ্টার কথা ঘোষণা করা হয়। তার ফলে পরিষেবা থমকে যায় একাধিক স্টেশনে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *